বিলোনীয়া , ২৭ নভেম্বর : উৎসবের মেজাজে ভোট দেওয়ার কথা থাকলেও দক্ষিণ ত্রিপুরা জেলার বিলোনীয়া পুর পরিষদের নির্বাচনকে কেন্দ্র করে গণতন্ত্রের উৎসব কার্যত প্রহসনে পরিণত হয়েছে বলে অভিযোগ তুলল সিপিআইএম। ভোটে ব্যাপক জালিয়াতি, ছাপ্পা ভোট, বিরোধী দলের পোলিং এজেন্টদের বুথে প্রবেশে বাধা এবং পরবর্তীতে বুথ থেকে বের করে দেওয়ার মতো একাধিক গুরুতর অভিযোগ সামনে এনে সরব হয়েছে সিপিআইএম নেতৃত্ব। শুধু তাই নয়, ভোটারদের ভোটকেন্দ্রে যেতে বাধা দিতে বহিরাগতদের ব্যবহার করা হয়েছে বলেও অভিযোগ তাদের।
শুক্রবার দুপুর ২টা নাগাদ বিলোনীয়া সিপিআইএম মহকুমা কার্যালয়ের কনফারেন্স হলে আয়োজিত সাংবাদিক সম্মেলনে এই অভিযোগগুলি তুলে ধরেন সিপিআইএম দক্ষিণ জেলা সম্পাদক তাপস দত্ত। তাঁর অভিযোগ, বিলোনীয়া পুর পরিষদের ১৭টি ওয়ার্ডে নির্বাচনকে কেন্দ্র করে যে পরিস্থিতি তৈরি হয়েছে, তা কোনওভাবেই অবাধ ও সুষ্ঠু নির্বাচনের পরিবেশ ছিল না। ভোটের লাইনে দাঁড়ানো মানুষের পরিচয় ও উপস্থিতি দেখে অনেকের মনেই প্রশ্ন জেগেছে, আদৌ পুরসভার নির্বাচন হচ্ছে, নাকি গ্রাম পঞ্চায়েতের নির্বাচন। তাঁর দাবি, বিভিন্ন গ্রাম পঞ্চায়েত এলাকার বহু মানুষকে ভোটের লাইনে দাঁড়িয়ে ছাপ্পা ভোট দিতে দেখা গেছে।
তাপস দত্ত আরও অভিযোগ করেন, নির্বাচনের আগে নির্বাচন কমিশনের আধিকারিক, রিটার্নিং অফিসার এবং এসডিপিও-র সঙ্গে আলোচনায় আশ্বাস দেওয়া হয়েছিল, সমস্ত রাজনৈতিক দলের পোলিং এজেন্টরা নির্বিঘ্নে ভোটকেন্দ্রে প্রবেশ করতে পারবেন এবং শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ সম্পন্ন হবে। কিন্তু বাস্তবে সেই আশ্বাসের কোনও প্রতিফলন দেখা যায়নি। তাঁর বক্তব্য অনুযায়ী, ভোটগ্রহণ শুরু হওয়ার পর প্রথমেই সাতটি ভোটকেন্দ্রে সিপিআইএম-এর পোলিং এজেন্টদের প্রবেশে বাধা দেওয়া হয়। পরবর্তী সময়ে আরও পাঁচটি কেন্দ্র থেকে সকাল প্রায় ৯টা নাগাদ তাঁদের এজেন্টদের বের করে দেওয়া হয়।
সিপিআইএম নেতার অভিযোগ, পরিস্থিতি ক্রমশ আরও ভয়াবহ আকার ধারণ করে। বেলা ২টা নাগাদ বিলোনীয়া পুর পরিষদের ১৭টি ওয়ার্ডের প্রতিটি বুথ থেকেই সিপিআইএম-এর পোলিং এজেন্টদের বের করে দেওয়া হয়। শুধু তাই নয়, তাঁদের এজেন্টদের শারীরিকভাবে হেনস্তা ও মারধর করা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি। ফলে বিরোধী দলের প্রতিনিধিদের উপস্থিতি ছাড়াই একাধিক বুথে ভোটগ্রহণ প্রক্রিয়া চলেছে বলে দাবি সিপিআইএম-এর।
এদিন সাংবাদিক সম্মেলনে তাপস দত্ত আরও অভিযোগ করেন, ভোটারদের ভোটাধিকার প্রয়োগ থেকে বিরত রাখার উদ্দেশ্যে বৃহস্পতিবার রাত থেকেই বহিরাগতদের ব্যবহার করা হয়েছে। বিভিন্ন এলাকায় ভোটারদের ভোটকেন্দ্রে যেতে বাধা দেওয়া হয়েছে। এমনকি বহু ভোটার ভোট দিতে গিয়েও বাধার মুখে পড়ে ভোটকেন্দ্র থেকে ফিরে আসতে বাধ্য হয়েছেন বলে দাবি করেন তিনি।
তাঁর বক্তব্য, বিজেপি এই পুর নির্বাচন নিয়ে এতটাই আতঙ্কিত ছিল যে, অবাধ ও সুষ্ঠুভাবে নির্বাচন হলে তাদের পরাজয় নিশ্চিত—এমন আশঙ্কা থেকেই বিরোধী সমর্থকদের ভোটাধিকার প্রয়োগে বাধা দেওয়া হয়েছে। তবে শুধু সিপিআইএম সমর্থকরাই নন, বিজেপির একটি অংশের ভোটারদেরও ভোটকেন্দ্রে যেতে বাধা দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন তিনি।
সাংবাদিক সম্মেলনে তাপস দত্ত ক্ষোভ প্রকাশ করে বলেন, যে গণতান্ত্রিক পরিবেশে মানুষ স্বাধীনভাবে নিজেদের পছন্দের প্রার্থীকে ভোট দেবেন, সেই পরিবেশকে পরিকল্পিতভাবে নষ্ট করা হয়েছে। গণতন্ত্রের উৎসবকে যারা এভাবে কবর দিয়েছে, গণতন্ত্রকে খুন করেছে এবং গোটা নির্বাচনী প্রক্রিয়াকে রক্তাক্ত করেছে, তাদের এই ভূমিকা বিলোনীয়ার মানুষ তথা ত্রিপুরাবাসী কখনও ক্ষমা করবেন না।
এদিনের সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন সিপিআইএম রাজ্য কমিটির সদস্য তথা বিধায়ক দীপংকর সেন এবং সিপিআইএম মহকুমা সম্পাদক বিজয় তিলক। পুর নির্বাচনকে কেন্দ্র করে একের পর এক অভিযোগ তুলে সিপিআইএম নেতৃত্বের এই সাংবাদিক সম্মেলন বিলোনীয়ার রাজনৈতিক মহলে নতুন করে উত্তেজনা সৃষ্টি করেছে। তবে উত্থাপিত অভিযোগগুলির বিষয়ে প্রশাসন ও শাসকদলের বক্তব্য এখনও জানা যায়নি।

