কলকাতা, ২৬ নভেম্বর : অসমে আয়োজিত হতে চলেছে জাতীয় সাব জুনিয়র মহিলা ফুটবল প্রতিযোগিতা। সেখানে বাংলা দলের কোচ নির্বাচিত হয়েছেন রিঙ্কু ঘোষ। বুধবার আইএফএ-তে আয়োজিত কোচেস কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। উল্লেখ্য, আসন্ন জাতীয় স্তরের প্রতিযোগিতায় বাংলার মেয়েদের প্রশিক্ষণের দায়িত্ব আপাতত সামলাবেন তিনিই।প্রসঙ্গত, এদিনের বৈঠকে আরো সিদ্ধান্ত হয়েছে যে, “খেলো ইন্ডিয়া” গেমসে বাংলা মহিলা ফুটবল দলের কোচ হিসেবে ও এই মুহূর্তে গোবিন্দ সাহার নাম চূড়ান্ত করা হয়েছে। বাংলা ফুটবলের নিয়ামক সংস্থা ইন্ডিয়ান ফুটবল আ্যসোসিয়েশন এর তরফেও এদিন জানানো হয়েছে যে, – দুই গুরুত্বপূর্ণ প্রতিযোগিতায় বাংলার মহিলা ফুটবল দলের দায়িত্ব অভিজ্ঞ কোচদের হাতেই তুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে – আইএফএ। এর পরিপ্রেক্ষিতেই এই নিয়োগের ফলে জাতীয় স্তরে বাংলার মহিলা ফুটবলারদের পারফরম্যান্স আরও উন্নতি করবে – আশাবাদী ফুটবল মহল।

