সংবিধান দিবসে ভোটাধিকার নিয়ে সরব ৯০ শতাংশ প্রতিবন্ধী বিশ্বজিৎ, পুর ও নগর ভোটেও বাড়িতে বসে ভোটদানের দাবি

আগরতলা, ২৬ নভেম্বর  : লোকসভা ও বিধানসভা নির্বাচনের মতোই পুরসভা, নগর পঞ্চায়েত, টিটিএএডিসি, ভিলেজ কমিটি এবং পঞ্চায়েত নির্বাচনেও দিব্যাংগ ও ৮৫ বছর বা তার বেশি বয়সী প্রবীণ নাগরিকদের বাড়িতে বসে ভোটদানের সুযোগ দেওয়ার দাবি উঠল ত্রিপুরায়। ৭৭তম সংবিধান দিবসে এই দাবিতে সরব হলেন ৯০ শতাংশ শারীরিক প্রতিবন্ধী বিশ্বজিৎ সেন। তাঁর বক্তব্য, সংবিধান প্রত্যেক নাগরিককে গণতান্ত্রিক অধিকার দিয়েছে। অথচ নির্বাচনী বিধির সীমাবদ্ধতার কারণে শারীরিকভাবে অক্ষম বহু নাগরিক স্থানীয় নির্বাচনে সেই অধিকার সহজে প্রয়োগ করতে পারছেন না। অবিলম্বে প্রয়োজনীয় নির্বাচনী সংস্কারের মাধ্যমে এই বৈষম্য দূর করার দাবি জানান তিনি।

বৃহস্পতিবার আগরতলা প্রেস ক্লাবে ককরোচ জনতা পার্টির (সিজেপি) রাজ্য শাখার উদ্যোগে আয়োজিত সাংবাদিক সম্মেলনে এই দাবি উত্থাপন করেন বিশ্বজিৎ সেন। তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন দলের রাজ্য শাখার পক্ষে বিজন সিংহ রায় এবং প্রহর দেববর্মা।

উল্লেখ্য, ১৯৪৯ সালের ২৬ নভেম্বর ভারতের গণপরিষদে গৃহীত হয়েছিল দেশের সংবিধান। পরবর্তীতে ১৯৫০ সালের ২৬ জানুয়ারি তা কার্যকর হয়। ভারতীয় সংবিধান দেশের প্রত্যেক নাগরিককে গণতান্ত্রিক অধিকার ও মত প্রকাশের স্বাধীনতা দিয়েছে। আর সেই গণতান্ত্রিক অধিকার প্রয়োগের অন্যতম প্রধান মাধ্যম হল ভোটাধিকার। কিন্তু শারীরিক প্রতিবন্ধকতা কিংবা অতিরিক্ত বয়সের কারণে বহু নাগরিকের পক্ষে ভোটকেন্দ্রে পৌঁছানো কার্যত কঠিন হয়ে পড়ে। তাঁদের কথা বিবেচনা করে লোকসভা ও বিধানসভা নির্বাচনে নির্বাচন কমিশন বাড়িতে বসে ভোটদানের বিশেষ ব্যবস্থা চালু করেছে। এর ফলে নির্দিষ্ট শর্তসাপেক্ষে দিব্যাংগ এবং ৮৫ বছর বা তার বেশি বয়সী প্রবীণ নাগরিকরা বাড়িতে বসেই ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাচ্ছেন।

বিশ্বজিৎ সেনের অভিযোগ, লোকসভা ও বিধানসভা নির্বাচনে এই সুবিধা থাকলেও রাজ্যের স্থানীয় স্বশাসিত সংস্থার নির্বাচনে একই ধরনের ব্যবস্থা সর্বত্র কার্যকর নেই। বিশেষ করে ত্রিপুরায় রাজ্য নির্বাচন কমিশনের অধীনে অনুষ্ঠিত পুরনিগম, পুরসভা, নগর পঞ্চায়েত, টিটিএএডিসি, ভিলেজ কমিটি এবং পঞ্চায়েত নির্বাচনে বাড়িতে বসে ভোটদানের সুযোগ না থাকায় শারীরিক প্রতিবন্ধী ও প্রবীণ নাগরিকদের সমস্যার মুখে পড়তে হচ্ছে। তাঁর দাবি, রাজ্য নির্বাচন কমিশনের সংশ্লিষ্ট বিধিতে প্রয়োজনীয় সংযোজন না হওয়ায় এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

সাংবাদিক সম্মেলনে নিজের শারীরিক অসুবিধার কথাও তুলে ধরেন বিশ্বজিৎ সেন। তিনি জানান, তিনি ৯০ শতাংশ শারীরিক প্রতিবন্ধী। পাশাপাশি জুভেনাইল রিউমাটয়েড আর্থ্রাইটিসে আক্রান্ত হওয়ায় তাঁর স্বাভাবিক চলাফেরাও যথেষ্ট সীমাবদ্ধ। ফলে ভোটকেন্দ্রে গিয়ে ভোট দেওয়া তাঁর পক্ষে অত্যন্ত কষ্টসাধ্য। অথচ ২০২৩ সালের বিধানসভা নির্বাচন এবং ২০২৪ সালের লোকসভা নির্বাচনে নির্বাচন কমিশনের নির্দেশিকা অনুযায়ী তিনি বাড়িতে বসেই ভোটদানের সুযোগ পেয়েছিলেন। তাঁর মতো আরও অনেক শারীরিক প্রতিবন্ধী ও প্রবীণ নাগরিকও সেই সুবিধা গ্রহণ করে নিজেদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পেরেছিলেন।

কিন্তু এবারের পুর ও নগর নির্বাচনে সেই ব্যবস্থা না থাকায় তাঁরা কার্যত অসুবিধার সম্মুখীন হচ্ছেন বলে অভিযোগ করেন তিনি। তাঁর কথায়, বিধানসভা ও লোকসভা নির্বাচনে বাড়িতে বসে ভোট দেওয়ার সুযোগ থাকলেও পুরনির্বাচনে কেন একই সুবিধা থাকবে না, তা বোধগম্য নয়। শারীরিক প্রতিবন্ধী নাগরিকদের ভোটাধিকার প্রয়োগের ক্ষেত্রে নির্বাচনের ধরন অনুযায়ী এমন বৈষম্য থাকা উচিত নয় বলেও মত প্রকাশ করেন তিনি।

এদিন আরও অভিযোগ করেন, ভোটকেন্দ্রে পৌঁছানোর জন্য তাঁর মতো শারীরিকভাবে অক্ষম ব্যক্তিদের বিনামূল্যে যাতায়াতের কোনও বিশেষ ব্যবস্থাও করা হয়নি। ফলে একদিকে শারীরিক প্রতিবন্ধকতা, অন্যদিকে উপযুক্ত পরিবহণের অভাব—সব মিলিয়ে ভোটাধিকার প্রয়োগ করাই তাঁদের কাছে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

বিশ্বজিৎ সেন জানান, বিষয়টি নিয়ে তিনি ব্যক্তিগতভাবেও উদ্যোগ গ্রহণ করেছেন। ইতিমধ্যে পশ্চিম জেলার জেলাশাসক এবং রাজ্য নির্বাচন কমিশনারের সঙ্গে দেখা করে সংশ্লিষ্ট দাবিতে স্মারকলিপি জমা দিয়েছেন। তাঁর দাবি, কেবল আশ্বাস নয়, এই সমস্যার স্থায়ী সমাধানে বিধানসভায় বিশেষ বিল পাস করে রাজ্য নির্বাচন কমিশনের নির্বাচনী বিধিতে প্রয়োজনীয় সংশোধনী আনতে হবে।

তিনি আরও বলেন, নির্বাচনী সংস্কার কোনও একটি নির্দিষ্ট নির্বাচনের মধ্যে সীমাবদ্ধ রাখা উচিত নয়। পুরনিগম, পুরসভা কিংবা নগর পঞ্চায়েতের পাশাপাশি এডিসি, ভিলেজ কমিটি এবং ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনেও দিব্যাংগ ও ৮৫ বছর বা তার বেশি বয়সী প্রবীণ নাগরিকদের বাড়িতে বসে ভোটদানের সুযোগ নিশ্চিত করতে হবে। একই সঙ্গে ত্রিপুরার বাইরেও দেশের যেসব রাজ্যে স্থানীয় নির্বাচনে এই ধরনের সুবিধা নেই, সেখানেও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান তিনি।

সংবিধান দিবসে বিশ্বজিৎ সেনের এই দাবি নতুন করে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন সামনে নিয়ে এসেছে—গণতন্ত্রে প্রত্যেক নাগরিকের ভোটাধিকার সমান হলেও সেই অধিকার প্রয়োগের সুযোগ কি সকলের জন্য সমানভাবে নিশ্চিত করা হচ্ছে? তাঁর বক্তব্য, শারীরিক প্রতিবন্ধকতা কিংবা বার্ধক্য যেন কোনও নাগরিকের গণতান্ত্রিক অধিকার প্রয়োগের পথে বাধা হয়ে না দাঁড়ায়। ভোটাধিকার শুধু কাগজে-কলমে স্বীকৃত থাকলেই চলবে না, বাস্তবেও তা নিশ্চিত করতে হবে।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *