ভোপাল, ২৫ নভেম্বর : মধ্যপ্রদেশের জব্বলপুরে কমিউনিটি গ্রাম রক্ষা সমিতি এবং কমিউনিটি পুলিশিংয়ের নির্বাচিত সদস্যদের জন্য বুধবার থেকে পাঁচ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করল মধ্যপ্রদেশ রাজ্য আইনি পরিষেবা কর্তৃপক্ষ (জব্বলপুর)। এই বিশেষ প্রশিক্ষণ কর্মসূচিটি অনুষ্ঠিত হবে ২৯ নভেম্বর পর্যন্ত, ভোপালের নেহেরু নগরের এম.পি.সি.এস.টি- তে । এদিন এই বিশেষ কর্মসূচি প্রসঙ্গে জনসংযোগ আধিকারিক অরুণ শর্মা জানিয়েছেন , এই কর্মসূচিতে অংশগ্রহণকারীদের মোট ৪০ ঘণ্টার প্রশিক্ষণ প্রদান করা হবে। এই প্রশিক্ষণের মূল উদ্দেশ্য , নির্বাচিত সদস্যদের মধ্যস্থতার প্রক্রিয়া ও কৌশল সম্পর্কে অবগত করা এবং সামাজিক স্তরে পারস্পরিক বিবাদ মীমাংসা ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বজায় রাখার ক্ষেত্রে তাঁদের ভূমিকাকে আরও কার্যকর করে তোলা।

