উত্তর প্রদেশে কংগ্রেসকে ২৬টি বিধানসভা আসনের প্রস্তাব সপা-র, ১০০–র বেশি আসনের দাবিতে অনড় কংগ্রেস

নয়াদিল্লি, ২৫ নভেম্বর : আসন্ন উত্তর প্রদেশ বিধানসভা নির্বাচনের জন্য সমাজবাদী পার্টি (সপা) এবং কংগ্রেসের মধ্যে জোট গঠনের তৎপরতা শুরু হয়েছে। প্রাথমিক আলোচনায় সপা কংগ্রেসকে ২৬টি আসনের প্রস্তাব দিলেও কংগ্রেস ১০০ থেকে ১৪০টি আসনের দাবিতে অনড়। উল্লেখ্য, রাজ্যে বিধানসভার মোট আসন সংখ্যা ৪০৩টি।
সপা-র জাতীয় সাধারণ সম্পাদক রামগোপাল যাদব মঙ্গলবার সাংবাদিকদের জানান, প্রস্তাবিত ২৬টি আসনের মধ্যে গত নির্বাচনে কংগ্রেসের জেতা ২টি আসন এবং যে ৪টি আসনে দল দ্বিতীয় স্থানে ছিল, সেগুলো অন্তর্ভুক্ত রয়েছে। এর পাশাপাশি এমন ২০টি আসন দেওয়া হচ্ছে, যেখানে গত নির্বাচনে সপা ৬০ থেকে ৭০ হাজার ভোট পেয়েছিল, অথচ কংগ্রেস পেয়েছিল মাত্র দুই হাজারের মতো ভোট।
সূত্রের খবর, আসন নির্বাচনের ক্ষেত্রে সপা ২০২২ সালের বিধানসভা এবং ২০২৪ সালের লোকসভা নির্বাচনের ফলাফলকে ভিত্তি হিসেবে ধরেছে। দল এবার আসন বণ্টনের বিষয়ে যথেষ্ট সতর্কতা অবলম্বন করছে, কারণ ২০২২ সালের বিধানসভা নির্বাচনে শরিক দলগুলোকে যেসব আসন ছাড়া হয়েছিল, পরবর্তীকালে তাদের অনেকেই জোট ছেড়ে বেরিয়ে গিয়েছিল। সপা জানিয়েছে, প্রাথমিক প্রস্তাবের পরেও নির্বাচনী সমীকরণ এবং প্রার্থীদের জয়ের সম্ভাবনার ভিত্তিতে অন্যান্য আসন নিয়েও আলোচনা হতে পারে।
উল্লেখ্য, উত্তর প্রদেশ বিধানসভা নির্বাচনে বিজেপি-কে মোকাবিলা করার জন্য সপা ও কংগ্রেসের মধ্যে আসন বণ্টন নিয়ে আনুষ্ঠানিক আলোচনা সোমবার নয়াদিল্লিতে শুরু হয়। প্রথম দফার বৈঠকটি কংগ্রেসের প্রবীণ নেতা তথা রাজ্যসভার সাংসদ প্রমোদ তিওয়ারির দিল্লির বাসভবনে অনুষ্ঠিত হয়। এতে সপা-র পক্ষ থেকে রামগোপাল যাদব, সাংসদ রাজীব রাই এবং ইকরা হাসান উপস্থিত ছিলেন। কংগ্রেসের পক্ষ থেকে প্রদেশ কংগ্রেস সভাপতি আরাধনা মিশ্, প্রদেশ ইনচার্জ রাজেন্দ্র পাল গৌতম এবং সাংসদ ইমরান মাসুদ অংশ নিয়েছিলেন।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *