মহম্মদবাজারে কঙ্কাল উদ্ধার, চাঞ্চল্য এলাকায়

বীরভূম, ২৫ নভেম্বর : মহম্মদবাজার থানার রামপুর পঞ্চায়েতের মুর্গাবনী গ্রাম থেকে একটি কঙ্কাল উদ্ধার ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়াল এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, উদ্ধার হওয়া কঙ্কালটি একটি শিশুর।
মঙ্গলবার দুপুরে এলাকার কয়েক জন শিশু গরু চরাতে গিয়ে মুর্গাবনী বাইপাস রাস্তার ধারে একটি পরিত্যক্ত বাড়ির বাথরুমের চৌবাচ্চায় একটি বস্তা পড়ে থাকতে দেখে। কৌতূহলবশত বস্তাটি তুলতেই তার ভিতর থেকে একটি কঙ্কাল ও বেশ কিছু জামাকাপড় বেরিয়ে আসে। বিষয়টি জানাজানি হতেই এলাকায় ভিড় জমে যায় এবং আতঙ্ক ছড়ায়।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় মহম্মদবাজার থানার পুলিশ। তারা কঙ্কাল ও উদ্ধার হওয়া জামাকাপড় সংগ্রহ করে থানায় নিয়ে যায়। যে জায়গা থেকে কঙ্কালটি উদ্ধার হয়েছে, সেই এলাকাটি ঘিরে রেখে তদন্ত শুরু করেছে পুলিশ।
প্রসঙ্গত, চলতি বছরের জানুয়ারি মাসে ওই এলাকা থেকেই ছ’বছরের এক শিশু নিখোঁজ হয়ে যায়। উদ্ধার হওয়া কঙ্কাল ও জামাকাপড় দেখে নিখোঁজ শিশুর পরিবারের দাবি, কঙ্কালটি ওই শিশুরই। পরিবারের সদস্যদের অভিযোগ, ওই শিশুকে খুন করে দেহটি বস্তাবন্দি করে পরিত্যক্ত বাড়ির চৌবাচ্চায় ফেলে দেওয়া হয়েছিল।
তবে উদ্ধার হওয়া কঙ্কালটি সত্যিই নিখোঁজ ওই শিশুর কি না, তা ফরেনসিক ও অন্যান্য পরীক্ষার পরেই নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছে পুলিশ। সমস্ত দিক খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *