রিওয়া, ২৫ নভেম্বর : ভারতীয় ডাক বিভাগ তাদের বিমা ক্ষেত্রে আনতে চলেছে এক গুরুত্বপূর্ণ প্রযুক্তিগত পরিবর্তন । বুধবার থেকে সারা দেশ জুড়ে ইনস্যুরেন্স ম্যানেজমেন্ট সিস্টেম (আইএমএস)-এর প্যান-ইন্ডিয়া রোলআউট শুরু হয়ে চলেছে।
এই প্রসঙ্গে বুধবার মধ্যপ্রদেশের রিওয়ার ডাক বিভাগের এক আধিকারিক পুষ্পেন্দ্র সিং জানিয়েছেন , এই নতুন ব্যবস্থার অধীনে সমস্ত সেন্ট্রাল প্রসেসিং সেন্টার , মধ্যপ্রদেশের প্রধান ডাকঘর সহ দেশের দেড় লক্ষেরও বেশি উপ-ডাকঘর (সাব পোস্ট অফিস) এবং শাখা ডাকঘর (ব্রাঞ্চ পোস্ট অফিস) নতুন ডিজিটাল প্ল্যাটফর্মে কাজ শুরু করবে। আইএমএস চালু হওয়ার ফলে ডাক বিভাগের বিমা পরিষেবা পরিচালনার ক্ষেত্রে প্রযুক্তিগত আধুনিকীকরণ এক নতুন গতি পাবে।
এদিন তিনি আরও জানান, এই উদ্যোগটি বিভাগের কার্যপ্রণালীকে ডিজিটাল করে তোলার এবং বিমা সংক্রান্ত পরিষেবাগুলির ব্যবস্থাপনাকে আরও সুশৃঙ্খল ও কার্যকর করার ক্ষেত্রে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এই ঐতিহাসিক মুহূর্তটিকে বিশেষ করে তুলতে ডাকঘরগুলিতে বিশেষ প্রস্তুতি নেওয়া হচ্ছে এবং প্রয়োজন অনুযায়ী অতিরিক্ত কাউন্টার ও তথ্য নির্দেশিকা (সাইনবোর্ড) লাগানোর নির্দেশ দেওয়া হয়েছে। ডাক বিভাগের এই গুরুত্বপূর্ণ পদক্ষেপটি ঐতিহ্যবাহী ডাক পরিষেবাকে আধুনিক প্রযুক্তির সঙ্গে যুক্ত করার এবং বিমা ক্ষেত্রে ডিজিটাল কার্যপ্রণালীকে আরও শক্তিশালী করার পথে এক নতুন সূচনা।

