ঘূর্ণিঝড় ‘আকভন’-এর আশঙ্কায় কৃষকদের সতর্কবার্তা, ফসলের ক্ষতির খবর দিতে হবে ৭২ ঘণ্টার মধ্যে

রামগড়, ২১ নভেম্বর : ঘূর্ণিঝড় ‘আকভন’-এর প্রভাবে ভারী বৃষ্টি ও প্রতিকূল আবহাওয়ার আশঙ্কা তৈরি হওয়ায় কৃষকদের সতর্ক থাকার পরামর্শ দিল রামগড় জেলা প্রশাসন। সম্ভাব্য প্রাকৃতিক দুর্যোগে ফসলের ক্ষতি হলে প্রধানমন্ত্রী ফসল বিমা যোজনার আওতায় বিমার দাবি জানাতে নির্দিষ্ট সময়ের মধ্যে ক্ষতির খবর নথিভুক্ত করা বাধ্যতামূলক বলে জানানো হয়েছে। প্রশাসনের নির্দেশ অনুযায়ী, বিমাকৃত কৃষকদের ক্ষতির ঘটনা ঘটার ৭২ ঘণ্টার মধ্যে তা জানাতে হবে।
উপায়ুক্ত ঋতুরাজের নির্দেশে জেলা প্রশাসন ও সমবায় দফতর কৃষকদের ফসল সুরক্ষা এবং বিমার দাবি জানানোর পদ্ধতি নিয়ে প্রয়োজনীয় নির্দেশিকা জারি করেছে। সম্ভাব্য ঝোড়ো হাওয়া ও বৃষ্টিতে জমিতে দাঁড়িয়ে থাকা ফসল এবং কেটে মাঠে রাখা শস্য যাতে নষ্ট না হয়, সে জন্য আগাম সতর্কতামূলক ব্যবস্থা নেওয়ার আবেদন জানিয়েছে প্রশাসন।
নির্দেশিকায় বলা হয়েছে, বিজ্ঞপ্তিভুক্ত স্থানীয় দুর্যোগের কারণে অথবা ফসল কাটার পর মাঠে রাখা শস্যের ক্ষতি হলে বিমাকৃত কৃষকদের ৭২ ঘণ্টার মধ্যে সেই ক্ষতির খবর জানাতে হবে। কৃষকরা ‘কৃষি রক্ষক’ পোর্টাল, টোল-ফ্রি হেল্পলাইন নম্বর ১৪৪৪৭, ক্রপ ইনস্যুরেন্স অ্যাপ, সংশ্লিষ্ট বিমা সংস্থা, নিকটবর্তী প্যাকস (প্রাথমিক কৃষি ঋণ সমবায় সমিতি) অথবা ব্লক অফিসে ক্ষতির তথ্য নথিভুক্ত করতে পারবেন।
অন্যদিকে, জমিতে থাকা ফসলের ব্যাপক ক্ষতি হলে বিমা ইউনিট স্তরে ফসল কাটার পরীক্ষার (ক্রপ কাটিং এক্সপেরিমেন্ট) মাধ্যমে প্রকৃত উৎপাদনের পরিসংখ্যানের ভিত্তিতে ক্ষতির পরিমাণ নির্ধারণ করা হবে। এই প্রক্রিয়ায় কৃষকদের আলাদা করে ব্যক্তিগতভাবে ক্ষতির খবর জানানোর প্রয়োজন হবে না।
জেলা প্রশাসন সংশ্লিষ্ট আধিকারিক, বিমা সংস্থা এবং প্যাকসগুলিকে পারস্পরিক সমন্বয়ের মাধ্যমে কাজ করার নির্দেশ দিয়েছে। কৃষকদের কাছে সময়মতো প্রয়োজনীয় তথ্য পৌঁছে দেওয়া এবং ফসলের ক্ষতি নথিভুক্ত ও মূল্যায়নের প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করার উপরেও জোর দেওয়া হয়েছে।
প্রশাসনের লক্ষ্য, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত কোনও যোগ্য কৃষক যাতে প্রধানমন্ত্রী ফসল বিমা যোজনার সুবিধা থেকে বঞ্চিত না হন, তা নিশ্চিত করা।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *