নবান্নে মুখ্যমন্ত্রী ও মোর্চার শীর্ষ নেতৃত্বের বৈঠক, আগামী ডিসেম্বরে দার্জিলিং ও কালিম্পং সফরে যাচ্ছেন শুভেন্দু অধিকারী

শিলিগুড়ি, ২১ নভেম্বর :পাহাড়ের তিনটি পুরসভার আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক তৎপরতার আবহে শুক্রবার নবান্নে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে গোর্খা জনমুক্তি মোর্চার শীর্ষ নেতৃত্বের এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হলো। এই বৈঠকে মোর্চা সভাপতি বিমল গুরুং, সাধারণ সম্পাদক রোশন গিরি এবং দার্জিলিংয়ের বিধায়ক নোমান রায় উপস্থিত ছিলেন। বৈঠকে পাহাড়ের সার্বিক উন্নয়ন, জিটিএ-র কর্মপদ্ধতি এবং আসন্ন পুরসভা নির্বাচন সহ একাধিক তাৎপর্যপূর্ণ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়।বৈঠক চলাকালীন মোর্চা নেতারা গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন (জিটিএ)-এর প্রশাসনিক ব্যবস্থার সংস্কার ঘটিয়ে কাজকর্মের গতি বাড়ানোর দাবি তোলেন।

এর পাশাপাশি অতীতে জিটিএ-তে কথিত আর্থিক অনিয়ম ও দুর্নীতির অভিযোগগুলির যথাযথ তদন্ত করানোর দাবিও জানানো হয়। বিগত সরকারের আমলে রাজনৈতিক কারণে মোর্চা কর্মী-সমর্থকদের বিরুদ্ধে দায়ের হওয়া মামলাগুলি প্রত্যাহার এবং দার্জিলিং ও কালিম্পংয়ের স্বাস্থ্য পরিকাঠামোর উন্নয়নের প্রস্তাবও মুখ্যমন্ত্রীর সামনে তুলে ধরেন নেতারা।বৈঠকের শেষ পর্বে ডিসেম্বরের প্রথম সপ্তাহে আয়োজিত ঐতিহ্যবাহী ‘তিস্তা উৎসব’-এর প্রসঙ্গ উঠে আসে। মোর্চা নেতারা মুখ্যমন্ত্রীকে ওই উৎসবে যোগ দেওয়ার আনুষ্ঠানিক আমন্ত্রণ জানান, যা তিনি সানন্দে গ্রহণ করেছেন।নবান্ন সূত্রে জানা গিয়েছে, মুখ্যমন্ত্রী আগামী ৯ ডিসেম্বর দার্জিলিংয়ে তিস্তা উৎসবে অংশ নেবেন এবং ১০ ডিসেম্বর কালিম্পং সফর করবেন।দার্জিলিংয়ের বিধায়ক নোমান রায় এই বৈঠককে ইতিবাচক বলে অভিহিত করেছেন। তিনি জানান, পাহাড়ের মানুষের দীর্ঘদিনের অমীমাংসিত সমস্যা, জিটিএ-র নিষ্ক্রিয়তা, দুর্নীতি এবং স্বাস্থ্য পরিষেবার বর্তমান পরিস্থিতি সম্পর্কে মুখ্যমন্ত্রীকে অবগত করা হয়েছে। সেই সঙ্গে আসন্ন তিনটি পুরসভার নির্বাচন নিয়েও আলোচনা হয়েছে। সমস্ত বিষয় গুরুত্ব দিয়ে খতিয়ে দেখে দ্রুত পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *