মাদুরাইয়ে জুয়েলারি লুট মামলায় ১ ডিসেম্বর পর্যন্ত জেল হেফাজতে নিশান্ত

মাদুরাই, ১৭ নভেম্বর : তামিলনাড়ুর মাদুরাইয়ে জুয়েলারি শোরুম থেকে ১১.৪ কেজি সোনা ও হীরের গয়না লুটের চাঞ্চল্যকর ঘটনায় মূল অভিযুক্ত নিশান্তকে আগামী ১ ডিসেম্বর পর্যন্ত বিচারবিভাগীয় হেফাজতে (জেল হেফাজত) পাঠানোর নির্দেশ দিল আদালত। মঙ্গলবার কড়া নিরাপত্তার মধ্যে আদালতে পেশ করার আগে অভিযুক্তকে স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, সোমবার মধ্যরাত নাগাদ তামিলনাড়ুর ধর্মপুরী জেলার আধিয়ামন কোট্টাই থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে নিশান্তকে গ্রেফতার করে। এরপর মঙ্গলবার তাকে মাদুরাই পুলিশের হাতে তুলে দেওয়া হয় এবং আদালতে হাজির করানো হয়।
উল্লেখ্য, মাদুরাইয়ের একটি নামী গয়নার দোকান থেকে ১১.৪ কেজি সোনা এবং মূল্যবান হীরের গয়না লুটের ঘটনায় রাজ্য জুড়ে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছিল। ঘটনার তদন্তে নেমে পুলিশ বিশেষ দল গঠন করে তল্লাশি শুরু করে এবং অবশেষে ধর্মপুরী জেলা থেকে এই লুটের ঘটনার অন্যতম মূল চক্রী নিশান্তকে পাকড়াও করতে সক্ষম হয় পুলিশ। লুট হওয়া বাকি সোনা ও হীরের গয়না উদ্ধার এবং এই চক্রের সঙ্গে আর কারা যুক্ত রয়েছে, তা জানতে তদন্ত প্রক্রিয়া আরও জোরদার করেছে পুলিশ।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *