ফিসারিতে মাছ চাষকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, ক্যানিংয়ে জখম অন্তত আট

ক্যানিং, ১৭ নভেম্বর : মাছের ভেড়িতে কে মাছ চাষ করবে, তা নিয়ে অধিকারের দ্বন্দ্বকে কেন্দ্র করে দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে গুরুতর জখম হলেন অন্তত আটজন। সোমবার বিকেলে এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ায় দক্ষিণ ২৪ পরগনার ক্যানিংয়ের খাস কুমড়োখালি গ্রামে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে চারজনকে গ্রেপ্তার করেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এলাকার কয়েকটি ফিসারিতে মাছ চাষের অধিকার কার থাকবে, তা নিয়ে দীর্ঘদিন ধরেই দুই পক্ষের মধ্যে বিরোধ চলছিল। অভিযোগ, স্থানীয় দুই তৃণমূল পঞ্চায়েত সদস্য জলিল লস্কর ও লতিফ লস্কর দীর্ঘদিন ধরে এলাকার সরকারি জলাজমিতে একচ্ছত্রভাবে মাছ চাষ করে আসছিলেন। সাম্প্রতিক রাজনৈতিক পালাবদলের পর ওই ফিসারির দখল কাদের হাতে থাকবে, তা নিয়ে নতুন করে দ্বন্দ্ব শুরু হয়।
গ্রামবাসীদের একাংশের দাবি, এলাকার বিজেপি কর্মী ও সাধারণ গ্রামবাসীরা মিলেমিশে ওই মাছের ভেড়ি চাষ করতে চান। এ বিষয়ে জলিল ও লতিফদের কাছে বিষয়টি জানাতে গেলে তাঁরা নানাভাবে হুমকি দেন বলে অভিযোগ। এর পাশাপাশি, রাজনৈতিক পট পরিবর্তনের পর ওই দুই তৃণমূল নেতা বেশ কয়েকজন প্রভাবশালী নেতার সঙ্গে যোগাযোগ বজায় রাখার চেষ্টা করছিলেন বলেও অভিযোগ করেন আক্রান্তরা। কিন্তু এবার ওই ভেড়িগুলো কোনোভাবেই তৃণমূল সদস্যদের চাষ করতে দেওয়া হবে না—এই মর্মে ব্লক ও জেলা স্তরের বিজেপি নেতাদের কাছে বিষয়টি জানান স্থানীয়রা।
অভিযোগ, স্থানীয়দের ডাকে সাড়া দিয়ে সোমবার দুপুরে বিজেপির একটি প্রতিনিধি দল এলাকায় এসে পরিস্থিতি খতিয়ে দেখেন এবং স্থানীয়দের সঙ্গে কথা বলেন। পাশাপাশি, আইনি উপায়ে ও প্রশাসনের কাছে আবেদন জানিয়ে ফিসারি থেকে দুই তৃণমূল সদস্যকে বেদখল করার বার্তা দিয়ে যান নেতারা।
স্থানীয়দের অভিযোগ, বিজেপির ওই প্রতিনিধি দলটি এলাকা ছাড়তেই লতিফ ও জলিলের অনুগামীরা লাঠি, বাঁশ, রড, শাবল এবং অস্ত্রশস্ত্র নিয়ে চড়াও হয়। এই হামলায় বিজেপি কর্মী ও সাধারণ গ্রামবাসী মিলিয়ে মোট আটজন গুরুতর জখম হন। ঘটনার জেরে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ায়। এছাড়া বেশ কয়েকটি বাড়িতেও ভাঙচুর চালানো হয় বলে অভিযোগ উঠেছে।
খবর পেয়ে ক্যানিং থানার বিশাল পুলিশ বাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশ এলাকা তল্লাশি করে জলিল লস্কর সহ মোট চারজনকে প্রাথমিকভাব গ্রেপ্তার করেছে। ঘটনার সঙ্গে জড়িত থাকার সন্দেহে আরও কয়েকজনকে আটক করা হয়েছে। অন্যদিকে, সংঘর্ষে আহতদের দ্রুত উদ্ধার করে চিকিৎসার জন্য ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
আক্রান্ত সামিরালি লস্কর নামে এক গ্রামবাসী বলেন, “দীর্ঘদিন ধরে লতিফ ও জলিলরা এই সরকারি জমি দখল করে ফিসারি করে আসছে। আমাদের নিজেদের চাষ করার জমিগুলো থেকেও আমাদের তুলে দিয়েছে। ওরা একাই সব চাষ করবে। আমরা বিজেপি করি, সেই কারণেই আমাদের মাছ চাষ করতে দেওয়া হবে না। তাই স্থানীয় নেতারা আজ পরিস্থিতি দেখতে এসেছিলেন। সেই ক্ষোভেই আমাদের ওপর এই হামলা চালানো হয়েছে।”
যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করে অভিযুক্ত জলিল লস্কর বলেন, “আমাদের বিরুদ্ধে আনা সমস্ত অভিযোগ মিথ্যা। গত ৪ তারিখের পর থেকেই আমরা কার্যত ঘরবন্দি অবস্থায় আছি। এলাকায় সেভাবে বের হই না। আমাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দিয়ে ফাঁসানো হচ্ছে। আমরা কারও ওপর কোনো হামলা চালাইনি।”
ঘটনা প্রসঙ্গে বিজেপির জয়নগর সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক সমীর মণ্ডল বলেন, “এই ঘটনা অত্যন্ত অনভিপ্রেত। ৪ তারিখের পর অনেকে দলে ঢুকে দলের ভাবমূর্তি নষ্ট ও কালিমালিপ্ত করার চেষ্টা করছেন। আমি পুলিশকে অনুরোধ করব, নিরপেক্ষ তদন্ত করে প্রকৃত দোষীদের গ্রেপ্তার করে কঠোর শাস্তির ব্যবস্থা করতে। যারা শান্ত এলাকাকে অশান্ত করতে চাইছে, তাদের বিরুদ্ধেই কড়া ব্যবস্থা নেওয়া উচিত।”
পুরো বিষয়টি নিয়ে বারুইপুর পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার অতিশ বিশ্বাস জানিয়েছেন, “ফিসারির দখল নিয়ে এলাকায় একটি অশান্তির ঘটনা ঘটেছে। সংঘর্ষে বেশ কয়েকজন আহত হয়েছেন। এই ঘটনায় জড়িত সন্দেহে ইতিমধ্যেই কয়েকজনকে আটক করা হয়েছে। পুলিশ ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে। যারা এলাকায় অশান্তি ছড়িয়েছে, তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।”

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *