সম্পত্তি নিয়ে বিবাদের জেরে খুনের অভিযোগ ক্যানিংয়ে

দক্ষিণ ২৪ পরগনা, ১৪ নভেম্বর : ক্যানিংয়ে সম্পত্তি বিবাদের জেরে পিটিয়ে খুনের অভিযোগ উঠল। শুক্রবার পুলিশ সূত্রে জানা গেছে, নিহত ব্যক্তির নাম সঞ্জীব মণ্ডল। বৃহস্পতিবার রাতে ঘটনাটি ঘটেছে ক্যানিংয়ের রাজারলাট পাড়ায়। এই ঘটনায় অভিযোগ উঠেছে মৃতের ভাইপো সুব্রত মণ্ডল ও তাঁর বাবা সঞ্জয় মণ্ডলের বিরুদ্ধে। পুলিশ ইতিমধ্যেই সুব্রতকে গ্রেফতার করেছে, তবে সঞ্জয় মণ্ডল এখনও পলাতক।

মৃতের পরিবারের অভিযোগ, দীর্ঘদিন ধরেই সম্পত্তি নিয়ে পরিবারের মধ্যে বিরোধ চলছিল। এই সংক্রান্ত বিরোধের জেরে এর আগেও সঞ্জীব মণ্ডলকে মারধর করা হয়েছিল এবং সেই বিষয়ে থানায় অভিযোগও দায়ের করা হয়েছিল। পূর্বের সেই দ্বন্দ্বের জেরে বৃহস্পতিবার রাতে ফের সঞ্জীব বাবুর ওপর আক্রমণ চালানো হয় বলে অভিযোগ।

মৃতের পরিবারের দাবি, সঞ্জীব মণ্ডলকে পিটিয়ে খুন করা হয়েছে। এই নৃশংস ঘটনায় তীব্র আতঙ্ক ছড়িয়েছে এলাকায়| মৃতের পরিবারের সদস্যরা দোষীদের কঠোর ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

খবর পেয়ে ক্যানিং থানার পুলিশ ঘটনাস্থলে আসে। পুলিশ এই ঘটনায় খুনের মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছে। পাশাপাশি, মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। পলাতক অভিযুক্ত সঞ্জয়ের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *