মা-ই-ত কালী ও হটনগর কালী পূজার স্মৃতি নিয়ে মেতে উঠেছে কালীক্ষেত্র সোনামুখী

বাঁকুড়া, ৯ নভেম্বর : প্রাচীনকাল থেকেই সোনামুখী ‘কালী-কার্তিকের শহর’ বলে জনপ্রিয়।এই শহর ঐতিহ্যবাহী ও বৈচিত্র্যময় কালীপুজোর জন্য বিখ্যাত। এখানে রয়েছে প্রায় ৫৫০ বছরের পুরনো ও মারাঠা সেনাপতি ভাস্কর পন্ডিতের স্মৃতি বিজড়িত ‘মা-ই-ত কালী’,প্রায় ৪৫০ বছরের হটনগর কালী, নবাসনের ৩৯০বছরের ক্ষাপাকালী পূজা।এখানে টানা ৫ দিন ধরে পুজো হয় এবং শোভাযাত্রা (কার্নিভাল) করে বিসর্জন হয়।কালীক্ষেত্র’ সোনামুখী শহরে ছোট ও বড় মিলিয়ে প্রায় আড়াইশো কালীপুজো হয়।
‘মা-ই-ত কালী’
এই কালীপূজাগুলির মধ্যে অন্যতম হল ‘মা-ই-ত কালী’-র পুজো। দূর-দূরান্ত থেকে অসংখ্য ভক্ত মনের ইচ্ছে পূরণের আশায় এখানে আসেন।এই মা মা-ই-ত কালীর নামকরণের পিছনে রয়েছে অতি জনপ্রিয় ও বহু প্রচলিত এক জনশ্রুতি। গত ১৭৪২ খ্রীষ্টাব্দে (বাংলা ১১৪৯ সাল)বাংলায় বর্গির অত্যাচার চলছে। মারাঠা সেনাপতি ভাস্কর পণ্ডিত সেই সময় সদলবলে বিষ্ণুপুর থেকে সোনামুখী আসেন। বর্গীর ভয়ে সোনামুখীর মানুষ তখন গৃহবন্দি হয়ে পড়েন। এক জনশ্রুতি অনুসারে, সেই সময় এক সন্ধ্যায় মারাঠা সেনাপতি এক বৃদ্ধকে মন দিয়ে পুজো করতে দেখেন। সেই বৃদ্ধকে মারতে খড়্গ তুলে ধরতেই দৃষ্টিশক্তি হারান মারাঠা সেনাপতি।তিনি অনুভব করেন যে তার খড়্গ পিছন থেকে কেউ টেনে ধরেছে। মারাঠা সেনাপতি জানতে চান, কে তার খড়্গ টেনে ধরেছে। তখন বর্গীরা জানায়, পিছনে কেউ নেই। তখন ওই বৃদ্ধ মন্দিরে থাকা ঘটের জল ছিটিয়ে মারাঠা সেনাপতির দৃষ্টিশক্তি ফিরিয়ে দেন।
মারাঠা সেনাপতি বৃদ্ধকে জিজ্ঞাসা করেন, সেখানে কোনও দেবতা আছেন কি না। বৃদ্ধ উত্তর দেন, ‘হ্যাঁ, মা কালী।’ উত্তর শুনে ভাস্কর পণ্ডিত চিৎকার করে ওঠেন, ‘মা-ই-তো কালী হ্যায়!’ সেই থেকেই সোনামুখীর কালী প্রতিমার নাম হয়ে যায় ‘মা-ই-তো কালী’। এই ঘটনার পরে ভাস্কর পণ্ডিত কাটোয়ার দিকে রওনা দেন। তবে যাওয়ার আগে ২টি খড়্গ ওই বৃদ্ধের হাতে দিয়ে যান তিনি। সেই থেকেই সোনামুখীর মানুষের কাছে মা কালী ভরসা, বিশ্বাস আর ভক্তির অন্যতম প্রতীক হয়ে ওঠেন।মা-ই-ত কালীর পুজোর পাশাপাশি প্রতিমা বিসর্জনেও প্রাচীন ঐতিহ্য আর পরম্পরা মেনে চলা হয়। আজও কোচডিহি গ্রাম থেকে ৪২ জন বেয়ারা আসেন। তাঁদের কাঁধে চড়েই সোনামুখী পরিক্রমা করেন দেবী। তার পরে হয় বিসর্জন।
হটনগর কালী
এই মাকালীকে নিয়েও এক জনপ্রিয় জনশ্রুতি আছে। লোকবিশ্বাস অনুসারে, তারিণী সূত্রধর নামে এক চিঁড়ে বিক্রেতা মাথায় ঝুড়ি নিয়ে রোজ জঙ্গল পথে হেঁটে আসা-যাওয়া করতেন।একদিন বনে খালের পাড়ে এক শিশুকন্যাকে দেখতে পান তিনি। শিশুকন্যার বায়না, সেও যাবে বৃদ্ধার সঙ্গে। কিন্তু বৃদ্ধা তাকে নিয়ে যেতে রাজি হননি। তাই সেই ছোট্ট মেয়েটি উঠে বসে বৃদ্ধার মাথায় থাকা খালি ঝুড়িতে। এতে ভারী হওয়া পরিবর্তে হালকা হয়ে যায় সেই ঝুড়ি। বাড়িতে ফিরে ঝুড়ি নামাতেই বৃদ্ধা অবাক হয়ে যান। তার ঝুড়ি থেকে মেয়েটি উধাও আর পড়ে রয়েছে কেবল দু’টি পাথর।
বৃদ্ধাকে স্বপ্নে দেখাও দেন আদ্যাশক্তি কালী। সাধক হট যোগী এই পাথরের পুজো শুরু করেন। সেই সাধকের নাম অনুসারেই দেবীর নাম হয় হটনগর কালী।সাড়ে চারশো বছর আগের এই অলৌকিক ঘটনা এই কালী পূজো কে জনপ্রিয় করে তুলেছে।
মন্দিরের প্রবেশদ্বারে অপূর্ব ভাস্কর্যে ফুটিয়ে তোলা হয়েছে বৃদ্ধা তারিণী সূত্রধরের মাথায় ঝুড়িতে চেপে স্বয়ং মায়ের আগমনের মুহূর্ত। ঠিক পাশেই ধ্যানমগ্ন সাধক হট যোগীর প্রতিমূর্তি, আর সবার শীর্ষে বিরাজ করছেন দেবাদিদেব মহাদেব। মন্দিরের চূড়ায় রয়েছে বিশালাকার এক পদ্মফুল।প্রাচীন সেই রীতি মেনে আজও দেবীর পুজোর ঘট নিয়ে আসার একমাত্র অধিকার রয়েছে সূত্রধর পরিবারের হাতেই।স্থানীয়দের বক্তব্য
হটনগরের আসল রহস্য লুকিয়ে রয়েছে গর্ভগৃহের বাইরে। মায়ের নির্দেশে যে আঁকড় গাছের নীচে সেই দু’টি পাথর রাখা হয়ে ছিল, সেই গাছটি আজও অক্ষত। সাধারণ আঁকড় গাছে অজস্র কাঁটা থাকলেও এই গাছটিতে কোনও কাঁটা নেই। এমনকী শত চেষ্টা করেও এই প্রাচীন গাছের আদি মূল বা শেকড়ের সন্ধান মেলেনি আজও। সেই গাছের নীচেই আজও পুজো পান সাড়ে চারশো বছরের সেই শিলাখণ্ড দু’টি। ভক্তদের দাবি, বিভিন্ন ঋতুর সঙ্গে তালমিলিয়ে আজও বদলে যায় এই অলৌকিক পাথর দু’টির রং।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *