হুগলি, ৯ নভেম্বর : শ্যামাপুজোকে কেন্দ্র করে উৎসবের আবহ হুগলির কামারপুকুর রামকৃষ্ণ মঠ ও মিশনে। ঠাকুর শ্রীরামকৃষ্ণের পবিত্র জন্মভূমিতে মা শ্যামার আরাধনাকে ঘিরে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। রাত বাড়ার সঙ্গে সঙ্গেই ভক্তি, নিষ্ঠা ও আধ্যাত্মিকতার আবহে মুখর হয়ে উঠবে মঠ প্রাঙ্গণ। রাত ৯টা নাগাদ শুরু হবে পুজো। এরপর সারা রাত ধরে চলবে মায়ের আরাধনা।
মঠ সূত্রে জানা গিয়েছে, এই পুজোয় অংশগ্রহণ করতে দেশ-বিদেশের বিভিন্ন প্রান্ত থেকে অসংখ্য ভক্তের সমাগম হবে। পুজো শেষে ভোরবেলা থেকে ভক্তদের মধ্যে মা কালীর প্রসাদ বিতরণ শুরু হবে। সকাল সাড়ে সাতটা পর্যন্ত চলবে প্রসাদ বিতরণের পর্ব। যদিও পুজোর সমস্ত প্রস্তুতি সম্পন্ন হলেও সন্ধ্যা পর্যন্ত মঠ প্রাঙ্গণে তেমন ভিড় লক্ষ্য করা যায়নি। রাতের পুজোকে কেন্দ্র করে ধীরে ধীরে ভক্ত সমাগম বাড়বে বলে আশা মঠ কর্তৃপক্ষের।
কামারপুকুরের এই শ্যামাপুজোর সঙ্গে জড়িয়ে রয়েছে গভীর আধ্যাত্মিক ইতিহাস। ঠাকুর শ্রীরামকৃষ্ণের জীবনে মা কালী ছিলেন পরম আরাধ্য। ১৮৫৫ সালে রানি রাসমণি প্রতিষ্ঠিত দক্ষিণেশ্বরের কালীমন্দিরে পুরোহিতের দায়িত্ব গ্রহণ করেন তিনি। সেখানেই মা কালীর প্রতি তাঁর গভীর ভক্তি, সাধনা ও আধ্যাত্মিক উপলব্ধি এক অনন্য মাত্রা লাভ করে। মা কালীর প্রতি ঠাকুরের সেই অসীম প্রেম ও ভক্তি আজও দেশ-বিদেশের অগণিত মানুষকে অনুপ্রাণিত করে চলেছে।
সেই মহাপুরুষের জন্মভূমি কামারপুকুরের রামকৃষ্ণ মঠ ও মিশনে শ্যামাপুজো দেখতে প্রতি বছরই দূরদূরান্ত থেকে ছুটে আসেন অসংখ্য ভক্ত। অনেকের কাছেই এই পুজো শুধুমাত্র একটি ধর্মীয় অনুষ্ঠান নয়, বরং ঠাকুর শ্রীরামকৃষ্ণের স্মৃতির সঙ্গে একাত্ম হওয়া এবং আধ্যাত্মিক চেতনার অনুভব করার এক বিশেষ উপলক্ষ।
সব মিলিয়ে শ্যামাপুজোকে কেন্দ্র করে কামারপুকুরে এখন অপেক্ষার প্রহর। রাত ৯টায় মায়ের আরাধনা শুরু হওয়ার পর সারারাত ধরে মন্ত্রোচ্চারণ, পুজো ও প্রার্থনায় মুখর হয়ে উঠবে মঠ প্রাঙ্গণ। ভক্তদের আশা, মা কালীর আশীর্বাদে সকলের জীবন ভরে উঠবে সুখ, শান্তি ও মঙ্গলময়তায়।

