পুলিশের ওপর গুলি চালালে পাল্টা গুলি চালাবে : সুকান্ত মজুমদার

বালুরঘাট, ৯ নভেম্বর : উত্তর দিনাজপুরের রায়গঞ্জে নাবালিকাকে ধর্ষণ ও খুনে অভিযুক্তের পুলিশি এনকাউন্টার নিয়ে বিরোধীদের প্রশ্নের মুখে পুলিশের পদক্ষেপকে সম্পূর্ণ সমর্থন জানালেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তথা বিজেপি নেতা সুকান্ত মজুমদার। সোমবার বালুরঘাটে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান, অভিযুক্ত হেফাজত থেকে পালানোর চেষ্টা করে পুলিশের ওপর সরাসরি গুলি চালিয়েছিল এবং আত্মরক্ষার্থেই পুলিশ পাল্টা জবাব দিয়েছে। একই সঙ্গে পূর্বতন তৃণমূল সরকারের ভূমিকা নিয়ে তীব্র আক্রমণ শানান তিনি।
ঘটনাক্রমের ব্যাখ্যা দিয়ে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার বলেন, “পুলিশের কাছ থেকে আমি যে তথ্য পেয়েছি, সেই অনুযায়ী অভিযুক্ত হেফাজত থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করেছিল এবং পুলিশের দিকে লক্ষ্য করে গুলি চালিয়েছিল। পুলিশের গাড়িতে গুলির চিহ্নও স্পষ্ট রয়েছে। স্বাভাবিকভাবেই কেউ যদি পুলিশের ওপর গুলি চালায়, তবে পুলিশও আত্মরক্ষায় পাল্টা গুলি চালাবে।”
পূর্বতন সরকারকে নিশানা করে তিনি আরও বলেন, “এই ঘটনা পরিষ্কার করে দিল যে, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন আগের সরকারের আমলে ধর্ষকদের আড়াল ও সুরক্ষা দেওয়া হতো। এমনকি ধর্ষণের শিকার হওয়া নির্যাতিতা মহিলাদের চরিত্র নিয়েই স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায় এবং তাঁর দলের নেতারা প্রশ্ন তুলতেন। কিন্তু আমাদের সরকার সেরকম নয়; নারী নির্যাতনকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণই আমাদের অগ্রাধিকার।”

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *