দিল্লির নারেলায় বাজি ফেটে শিশুর মর্মান্তিক মৃত্যু, চিকিৎসায় গাফিলতির অভিযোগ মায়ের

নয়াদিল্লি, ৯ নভেম্বর : দীপাবলির রাতে বাজি ফাটানোর সময় বিস্ফোরণে প্রাণ হারাল ১০ বছরের এক শিশু। রবিবার রাতে উত্তর দিল্লির নারেলা এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। বাজি ফেটে শিশুটির বুক ও হাত মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। আশঙ্কাজনক অবস্থায় তাকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলেও শেষরক্ষা হয়নি; চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
দিল্লি পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘটনাটি ঘটেছে, রবিবার রাত আনুমানিক ৯টা ৪৫ মিনিট নাগাদ। নারেলা থানা এলাকার বাসিন্দা ওই শিশুটি তার বাড়ির সামনে দাঁড়িয়ে হাতে ধরা তুবড়ি বাজি ফাটাচ্ছিল। সেই সময়ই আচমকা বাজিটিতে বিকট বিস্ফোরণ ঘটে এবং সরাসরি তার বুকে তীব্র আঘাত লাগে। ঘটনাস্থলেই গুরুতর জখম হয়ে লুটিয়ে পড়ে সে। রাত প্রায় ১০টা ৫০ মিনিট নাগাদ হাসপাতালের তরফে পুলিশকে জানানো হয় যে, বাজির বিস্ফোরণজনিত ক্ষতের কারণে শিশুটিকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে। পুলিশ দেহটি ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে এবং ঘটনার বিস্তারিত তদন্ত শুরু করেছে।
অন্যদিকে, মৃত শিশুর মা অঞ্জলি দেবী স্থানীয় হাসপাতালের বিরুদ্ধে চিকিৎসায় চরম অবহেলা ও দুর্ব্যবহারের গুরুতর অভিযোগ তুলেছেন। শোকস্তব্ধ মা বলেন, “আমার ছেলে বাজি ফাটাচ্ছিল, আশেপাশের প্রত্যেকেই বাজি পোড়াচ্ছিল। আনার ও স্কাই শট ফাটানোর সময় আচমকাই পেছন থেকে একটি বাজি এসে ওর বুকে সরাসরি আছড়ে পড়ে এবং ধমনী ক্ষতিগ্রস্ত হয়। তখনও ওর শ্বাস চলছিল, তাই আমরা তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাই। কিন্তু চিকিৎসকেরা ওর সঠিক চিকিৎসা করেননি; উল্টে আমাদের ভয় দেখিয়ে শাসানো হয়েছে। আমি আমার সন্তানের মৃত্যুর সুবিচার চাই।”

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *