ফের এনকাউন্টার! রায়গঞ্জে নাবালিকা ধর্ষণ-খুনে অভিযুক্ত পুলিশের গুলিতে নিহত

রায়গঞ্জ, ৯ নভেম্বর : রাজ্যে ফের এনকাউন্টার, বারুইপুর, গাইঘাটা, সামশেরগঞ্জের পর এবার রায়গঞ্জ। নাবালিকা ধর্ষণ-খুনে অভিযুক্ত মারা গিয়েছে পুলিশের গুলিতে। দু’দিন ধরে নিখোঁজ থাকার পর ওই নাবালিকার বিবস্ত্র দেহ উদ্ধার করা হয়েছিল গত শুক্রবার। তার পর থেকেই অভিযুক্তের খোঁজ চলছিল। চার দিন তল্লাশির পর রবিবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে অভিযুক্ত দিলীপ রায়কে ধরতে যান তদন্তকারীরা। সূত্রের খবর, ভোরে সোমবার ভোরে পুলিশ তার কাছে পৌঁছোলে সে গুলি চালায়। তদন্তকারীদের পাল্টা গুলিতে অভিযুক্তের মৃত্যু হয়েছে।
নিহতের দেহ রায়গঞ্জ মেডিক্যাল কলেজ হাসপাতালে রাখা হয়েছে। সেখানেই দেহের ময়নাতদন্ত হবে। পুলিশ সূত্রে দাবি, অভিযুক্ত বিহার সীমান্ত দিয়ে ভিনরাজ্যে পালানোর চেষ্টা করছিল। সেই খবর পেয়েই রাতে অভিযান চালানো হয়। অভিযুক্তের ছোড়া গুলি পুলিশের গাড়ির টায়ারে লেগেছিল বলে খবর। উল্লেখ্য, রায়গঞ্জে ১২ বছরের নাবালিকা নিখোঁজ হয়েছিল গত মঙ্গলবার। তার পরিবারের দাবি, বিকেলে সাইকেল নিয়ে সে বাড়ি থেকে বেরিয়েছিল। তার পর আর ফেরেনি। দু’দিন পর নিকটবর্তী কুলিকের জঙ্গল থেকে তার দেহ উদ্ধার করা হয়। ধর্ষণ ও খুনের অভিযোগ তুলেছিলেন পরিবারের সদস্যরা। পুলিশ অভিযুক্তের খোঁজ করছিল। এটি গণধর্ষণের ঘটনা কি না, আরও কেউ এর সঙ্গে জড়িত কি না, তদন্ত চলছিল। তার মধ্যেই গ্রেফতারির সময় পুলিশের গুলিতে মৃত্যু হল অভিযুক্তের। সূত্রের খবর, রায়গঞ্জের গৌরী গ্রাম পঞ্চায়েতে অভিযুক্ত লুকিয়ে আছে বলে জানতে পেরেছিল পুলিশ। ভোররাত ৩টের পর সেখানে অভিযান চালানো হয়। অভিযোগ, পুলিশ আসছে বুঝতে পেরে গুলি চালায় দিলীপ।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *