(আপডেট) নাগৌরে বারুদ তৈরির সময় ভয়াবহ বিস্ফোরণ, অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু দুই শ্রমিকের

নাগৌর, ৫ নভেম্বর : রাজস্থানের নাগৌর জেলায় বারুদ তৈরির সময় ভয়াবহ বিস্ফোরণে চাঞ্চল্য ছড়াল। এই দুর্ঘটনায় অগ্নিদগ্ধ হয়ে দুই শ্রমিকের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। বিস্ফোরণের তীব্রতা এতটাই বেশি ছিল যে প্রায় আধ কিলোমিটার দূর থেকেও শব্দ শোনা যায়। ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
বৃহস্পতিবার প্রাথমিক তথ্য অনুযায়ী, দুর্ঘটনার সময় কয়েকজন শ্রমিক বারুদ তৈরির কাজে ব্যস্ত ছিলেন। সেই সময় আচমকাই বিস্ফোরণ ঘটে এবং মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে। আগুনের গ্রাসে পড়েন দুই শ্রমিক। ঘটনার পর স্থানীয় বাসিন্দারা পুলিশ ও প্রশাসনকে খবর দেন।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ ও প্রশাসনের দল। শুরু হয় উদ্ধার  কাজ। ধ্বংসস্তূপের নিচে আরও কয়েকজন শ্রমিক আটকে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। তাঁদের খোঁজে ধ্বংসস্তূপ সরিয়ে তল্লাশি চালাচ্ছেন উদ্ধারকারীরা।
কী কারণে এই বিস্ফোরণ ঘটল, তা এখনও স্পষ্ট নয়। বারুদ তৈরির সময় কীভাবে এই দুর্ঘটনা ঘটল, তা খতিয়ে দেখছে পুলিশ। ঘটনাস্থলে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। মৃত ও আহতের সংখ্যা নিয়ে প্রশাসনের তরফে এখনও বিস্তারিত তথ্য জানানো হয়নি।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *