আগরতলা, ২৪ সেপ্টেম্বর : পশ্চিম আগরতলা থানার অধীন বটতলা মহাশ্মশান থেকে অটোরিকশা চুরির অভিযোগ উঠেছে। ঘটনার ২৪ ঘণ্টারও বেশি সময় পেরিয়ে গেলেও চুরি যাওয়া অটোরিকশার কোনও সন্ধান মেলেনি বলে অভিযোগ মালিকের। অটো উদ্ধারের আশায় একাধিকবার পুলিশের দ্বারস্থ হতে হচ্ছে তাঁকে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।
জানা গেছে, বলদাখাল এলাকার বাসিন্দা পিন্টু কর্মকার গত পরশু রাতে এক আত্মীয়ের সৎকারের জন্য তাঁর অটোরিকশা নিয়ে বটতলা মহাশ্মশানে যান। সৎকারের কাজ শেষ করে তিনি বাইরে এসে দেখেন, নির্দিষ্ট স্থানে রাখা অটোরিকশাটি আর নেই। প্রথমে আশপাশের এলাকায় খোঁজাখুঁজি শুরু করেন তিনি। পরিচিতদের কাছেও খবর দেন। কিন্তু কোথাও অটোরিকশাটির সন্ধান না পেয়ে শেষ পর্যন্ত বটতলা ফাঁড়িতে লিখিত অভিযোগ জানান।
পিন্টু কর্মকারের দাবি, অটোরিকশাটি যেখানে রাখা হয়েছিল, সেখানে ফিরে এসে সেটি দেখতে না পেয়ে তিনি কার্যত হতভম্ব হয়ে পড়েন। রাতেই বিভিন্ন জায়গায় খোঁজ করেও কোনও সন্ধান না পাওয়ায় পুলিশের কাছে অভিযোগ জানানো হয়। পরবর্তীতে চুরি যাওয়া অটোরিকশার সন্ধান না মেলায় পশ্চিম আগরতলা থানাতেও যোগাযোগ করেন তিনি।
অটো মালিকের অভিযোগ, ঘটনার পর দীর্ঘ সময় অতিক্রান্ত হলেও এখনও পর্যন্ত চুরি যাওয়া গাড়িটির কোনও হদিস পাওয়া যায়নি। অটোরিকশাটি উদ্ধারে পুলিশের পক্ষ থেকে কী ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে, তা নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন তিনি।
পিন্টু কর্মকার জানান, অটোরিকশাটিই তাঁর পরিবারের নিত্যদিনের আয়ের প্রধান উৎস। অটো চালিয়েই সংসারের খরচ মেটাতে হয়। ফলে গাড়িটি চুরি হয়ে যাওয়ায় একদিকে যেমন কর্মহীন হয়ে পড়েছেন, অন্যদিকে পরিবারের সামনে দেখা দিয়েছে চরম আর্থিক অনিশ্চয়তা।
অটোরিকশা চুরির ঘটনায় নিরাপত্তা ব্যবস্থা নিয়েও প্রশ্ন উঠেছে। ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত করে চুরি যাওয়া অটোরিকশাটি উদ্ধার এবং দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন পিন্টু কর্মকার।

