তিপ্রা মথার শক্তি প্রদর্শন, জম্পুইজলা ব্লকের ৩১ ভিসিতে ২৪৫ প্রার্থীর মনোনয়ন

আগরতলা, ৩ সেপ্টেম্বর : আসন্ন ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে মনোনয়নপত্র দাখিলে শক্তি প্রদর্শন করল তিপ্রা মথা পার্টি। বৃহস্পতিবার মনোনয়নপত্র দাখিলের তৃতীয় দিনে জম্পুইজলা আর ডি ব্লকে ৩১টি ভিলেজ কমিটির জন্য মোট ২৪৫ জন তিপ্রা মথা প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। প্রার্থীদের সঙ্গে নিয়ে বিধায়ক বিশ্বজিৎ কলইয়ের নেতৃত্বে এদিন জম্পুইজলায় বড়সড় মিছিল বের করে তিপ্রা মথা। মিছিল ঘিরে দলীয় কর্মী-সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।

ভিলেজ কমিটি নির্বাচনকে কেন্দ্র করে ইতিমধ্যেই রাজনৈতিক উত্তাপ বাড়তে শুরু করেছে। আগামী ২৮ সেপ্টেম্বর ত্রিপুরা ট্রাইব্যাল এরিয়াস অটনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল (টিটিএএডিসি) ভিলেজ কমিটির নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা। মঙ্গলবার থেকে শুরু হয়েছে মনোনয়নপত্র দাখিলের প্রক্রিয়া। বৃহস্পতিবার ছিল তার তৃতীয় দিন। এদিন জম্পুইজলা আর ডি ব্লকের ৩১টি ভিলেজ কমিটির তিপ্রা মথা মনোনীত প্রার্থীরা দলীয় কর্মী-সমর্থকদের সঙ্গে নিয়ে মনোনয়নপত্র দাখিল করেন।

এ উপলক্ষ্যে বিধায়ক বিশ্বজিৎ কলইয়ের নেতৃত্বে বিপুল সংখ্যক দলীয় কর্মী-সমর্থক জম্পুইজলার বিভিন্ন পথ পরিক্রমা করে মিছিল নিয়ে ব্লক কার্যালয়ের সামনে এসে সমবেত হন। পরে  প্রার্থীরা সংশ্লিষ্ট রিটার্নিং অফিসারের কাছে একে একে তাঁদের মনোনয়নপত্র জমা দেন।

বিধায়ক বিশ্বজিৎ কলই জানান, জম্পুইজলা আর ডি ব্লকের অধীনে থাকা ৩১টি ভিলেজ কমিটির জন্য এদিন মোট ২৪৫ জন তিপ্রা মথা প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। এর মধ্যে জম্পুইজলা আর ডি ব্লকের অধীনে রয়েছে ২টি ভিলেজ কমিটি, টাকারজলার ১৭টি এবং গোলাঘাটির ১২টি ভিলেজ কমিটি।

তিনি দাবি করেন, এই ৩১টি ভিলেজ কমিটির প্রায় ৯৯ শতাংশ আসনই জনজাতি সংরক্ষিত। তাঁর প্রত্যয়, এই আসনগুলির প্রায় সবকটিতেই বিপুল ভোটে তিপ্রা মথার প্রার্থীরা জয়ী হবেন।

ভিলেজ কমিটি নির্বাচন নিয়ে বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক রাজ্য সরকারের বিরুদ্ধেও অভিযোগের সুর চড়ান। তাঁর দাবি, প্রায় দশ বছর পর ভিলেজ কমিটির নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে। তাঁর অভিযোগ, রাজ্য নির্বাচন কমিশন নিজ উদ্যোগে এই নির্বাচন আয়োজন করেনি। তিপ্রা মথা সুপ্রিমো প্রদ্যোৎ কিশোর দেববর্মন হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টে মামলা করার পরই এই নির্বাচন অনুষ্ঠিত হওয়ার পরিস্থিতি তৈরি হয়েছে। সুপ্রিম কোর্টের নির্দেশের ভিত্তিতেই নির্বাচন হচ্ছে বলে দাবি করেন তিনি।

এদিকে ভিলেজ কমিটি নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক সমীকরণও ক্রমশ জটিল হচ্ছে। মনোনয়নপত্র দাখিল শুরু হয়ে গেলেও এখনও কংগ্রেস, সিপিআইএম এবং বিজেপি তাঁদের প্রার্থী বাছাইয়ের প্রক্রিয়া সম্পূর্ণ করতে পারেনি। বিশেষ করে বিজেপি ও তিপ্রা মথার সম্ভাব্য আসন সমঝোতা নিয়ে রাজনৈতিক মহলে জোর চর্চা চলছে। মথার সঙ্গে জোট বা আসন সমঝোতার বিষয়ে বিজেপি এখনও আশাবাদী বলেই রাজনৈতিক মহলের ধারণা। ফলে বিজেপি-র প্রার্থী তালিকা এখনও প্রকাশ্যে না আসায় ভিলেজ কমিটি নির্বাচনের লড়াই কোন দিকে মোড় নেয়, তা নিয়ে কৌতূহল তৈরি হয়েছে।

মনোনয়ন দাখিলের তৃতীয় দিনেই ২৪৫ প্রার্থীকে সামনে রেখে মথার এই শক্তি প্রদর্শন কার্যত ভিলেজ কমিটি ভোটের ময়দানে তাঁদের প্রস্তুতির জানান দিল। তবে শেষ পর্যন্ত ব্যালটের লড়াইয়ে এই সাংগঠনিক শক্তি কতটা ভোটে প্রতিফলিত হয়, তার উত্তর মিলবে ২৮ সেপ্টেম্বরের নির্বাচনী ফলাফলে।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *