যাত্রী পরিবহন ঘিরে উত্তেজনা, জিপ ও কমান্ডার চালকদের বিরুদ্ধে সরব ই-রিকশাচালকরা

আগরতলা, ১২ জুলাই  : রাধানগর-মোহনপুর সড়কে যাত্রী পরিবহনকে কেন্দ্র করে ই-রিকশা চালকদের উপর জিপ ও কমান্ডার গাড়ির চালকদের দাদাগিরি, মারধর এবং টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। এই ঘটনার প্রতিবাদে এবং নিরাপত্তার দাবিতে রবিবার লেফুঙা থানার দ্বারস্থ হন কামালঘাট এলাকার শতাধিক ই-রিকশা চালক।

অভিযোগ, রাধানগর-মোহনপুর সড়কে দীর্ঘদিন ধরেই ই-রিকশা চালকদের উপর বিভিন্নভাবে চাপ সৃষ্টি করে আসছেন জিপ ও কমান্ডার গাড়ির চালকরা। ই-রিকশায় যাত্রী তোলা যাবে না বলে কার্যত ফরমান জারি করা হয়েছে বলে দাবি ই-রিকশা চালকদের। এর প্রতিবাদে রবিবার দুপুরে কামালঘাট এলাকার প্রায় ১০০-র বেশি ই-রিকশা চালক ঐক্যবদ্ধ হয়ে লেফুঙা থানায় যান এবং থানার সামনে বিক্ষোভ প্রদর্শন করেন।

বিক্ষোভকারী ই-রিকশা চালকদের অভিযোগ, তাঁরা যাত্রী নিয়ে রাধানগর এলাকায় প্রবেশ করলেই জিপ ও কমান্ডার গাড়ির চালকরা তাঁদের উপর চড়াও হন। অনেক ক্ষেত্রে তাঁদের মারধর করা হয় এবং বিভিন্নভাবে ভয়ভীতি দেখিয়ে ওই রুটে যাত্রী পরিবহন থেকে বিরত থাকার জন্য চাপ সৃষ্টি করা হয়।

ই-রিকশা চালকদের দাবি, গত ৯ জুলাই এমনই একটি ঘটনায় এক ই-রিকশা চালককে মারধর করা হয় এবং তাঁর কাছ থেকে প্রায় সাড়ে চার হাজার টাকা ছিনিয়ে নেওয়া হয়। শুধু তাই নয়, হামলা ও টাকা ছিনিয়ে নেওয়ার পরেও অভিযুক্তরা ই-রিকশা চালকদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করে হয়রানি করার চেষ্টা করছে বলেও অভিযোগ ওঠে।

এদিন ই-রিকশা চালক ইন্দ্রজিৎ দেবনাথ সাংবাদিকদের জানান, তাঁরা দীর্ঘদিন ধরে অত্যাচার ও হয়রানির শিকার হচ্ছেন। প্রশাসনের কাছে একাধিকবার বিষয়টি জানানো হলেও সমস্যার স্থায়ী সমাধান হয়নি। ফলে বাধ্য হয়েই তাঁরা একজোট হয়ে থানার দ্বারস্থ হয়েছেন।

ঘটনার জেরে এদিন ই-রিকশা চালকরা রাজেশ সরকার নামে এক কমান্ডার গাড়ির চালকের বিরুদ্ধে লেফুঙা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। পাশাপাশি, ই-রিকশা চালকদের নিরাপত্তা নিশ্চিত করা, হামলা ও ছিনতাইয়ের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ এবং রাধানগর-মোহনপুর সড়কে নির্বিঘ্নে যাত্রী পরিবহনের সুযোগ করে দেওয়ার দাবি জানান তঁরা।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *