মোহনপুর, ২ জুলাই : সরকারি পরিষেবার মান নিশ্চিত করতে পশ্চিম ত্রিপুরা জেলার মোহনপুর মহকুমা প্রশাসনের উদ্যোগে বৃহস্পতিবার বিজয়নগর গ্রাম পঞ্চায়েত এলাকায় একাধিক সরকারি প্রতিষ্ঠানে আকস্মিক পরিদর্শন চালানো হয়। রেশন শপ, অঙ্গনওয়াড়ি কেন্দ্র এবং বিদ্যালয়গুলিতে পরিচালিত এই সারপ্রাইজ পরিদর্শনে বেশ কিছু অনিয়ম সামনে আসে। অভিযানে নেতৃত্ব দেন মোহনপুরের মহকুমা শাসক সান্তনু বিকাশ দাস।
প্রশাসন সূত্রে জানা যায়, সাধারণ মানুষের কাছে সরকারি পরিষেবা সঠিকভাবে পৌঁছে দেওয়া এবং বিভিন্ন প্রতিষ্ঠানের কার্যক্রম নির্ধারিত নিয়ম অনুযায়ী চলছে কি না, তা খতিয়ে দেখতেই এই বিশেষ পরিদর্শনের আয়োজন করা হয়। পরিদর্শনের সময় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের উপস্থিতি, পরিষেবা প্রদান, রক্ষণাবেক্ষণ এবং নথিপত্রও খতিয়ে দেখা হয়।
পরিদর্শনে বিজয়নগর-২ রেশন শপ নির্ধারিত সময়ে বন্ধ পাওয়া যায়। এতে রেশন সংগ্রহ করতে আসা সাধারণ ভোক্তাদের দুর্ভোগের আশঙ্কা তৈরি হয়। এছাড়া বিজয়নগর এসবি স্কুলেও প্রশাসনিক ও পরিষেবা-সংক্রান্ত একাধিক অনিয়ম নজরে আসে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে বিষয়গুলির ব্যাখ্যাও চাওয়া হয়।
অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলির কার্যক্রমও নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হয়। শিশু ও গর্ভবতী মহিলাদের জন্য নির্ধারিত পরিষেবা, উপস্থিতি এবং অন্যান্য প্রশাসনিক বিষয় খতিয়ে দেখে প্রয়োজনীয় নির্দেশ দেন মহকুমা শাসক।
পরিদর্শন শেষে মহকুমা শাসক সান্তনু বিকাশ দাস বলেন, সরকারি পরিষেবার ক্ষেত্রে কোনও ধরনের গাফিলতি বা অনিয়ম বরদাস্ত করা হবে না। যেসব প্রতিষ্ঠানে অনিয়ম ধরা পড়েছে, সেগুলির বিরুদ্ধে সরকারি নিয়ম অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। পাশাপাশি ভবিষ্যতেও এ ধরনের আকস্মিক পরিদর্শন নিয়মিত চালানো হবে, যাতে সরকারি পরিষেবার গুণগত মান বজায় থাকে এবং সাধারণ মানুষ নিরবচ্ছিন্নভাবে সরকারি সুবিধা পেতে পারেন।
প্রশাসনের এই অভিযানে এলাকাবাসীর মধ্যেও ইতিবাচক সাড়া পড়েছে। তাঁদের মতে, নিয়মিত এ ধরনের নজরদারি চালানো হলে সরকারি পরিষেবায় স্বচ্ছতা ও জবাবদিহিতা আরও বাড়বে।

