আগরতলায় রাজপথে বিষপানে আত্মহত্যার চেষ্টা যুবকের

আগরতলা, ১৮ জুন : পারিবারিক অশান্তি ও দাম্পত্য কলহের জেরে বিষপানে আত্মহত্যার চেষ্টা করলেন যুবক। বৃহস্পতিবার সকালে রাজধানী আগরতলায় জগন্নাথ বাড়ি সংলগ্ন এলাকায় এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায়। পরে স্থানীয়দের তৎপরতায় খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ওই যুবককে উদ্ধার করে জিবিপি হাসপাতালে ভর্তি করে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ওই যুবকের নাম নয়ন দাস। তাঁর বাড়ি রামনগর ৪ নম্বর রোড এলাকায়। প্রায় পাঁচ বছর আগে দুই কন্যা সন্তানসহ এক মহিলা রমা হরিজন তাঁর জীবনে আসেন। জানা যায়, প্রথমে আশ্রয় দেওয়া ও সহানুভূতির সম্পর্ক থেকে পরবর্তীতে তাঁদের মধ্যে দাম্পত্য সম্পর্ক গড়ে ওঠে এবং তাঁরা একসঙ্গে বসবাস করতে শুরু করেন।

পরবর্তীতে অভিযোগ, ওই মহিলা সম্প্রতি অন্য এক পুরুষের সঙ্গে সম্পর্ক গড়ে তুলে স্বামী ও দুই কন্যা সন্তানকে রেখে বাড়ি ছেড়ে চলে যান। এরপর থেকেই নয়ন দাস মানসিকভাবে ভেঙে পড়েন বলে জানা গেছে। তিনি একাধিকবার তাঁকে ফিরিয়ে আনার চেষ্টা করেন, এমনকি নিজের রক্ত দিয়ে চিঠি লেখার ঘটনাও সামনে আসে বলে দাবি করেন স্থানীয়রা।

স্থানীয়দের বক্তব্য, বহু চেষ্টা সত্ত্বেও স্ত্রীকে ঘরে ফিরিয়ে আনতে ব্যর্থ হওয়ায় বৃহস্পতিবার সকালে জগন্নাথ বাড়ি এলাকায় রাস্তায় বসে বিষপান করেন নয়ন দাস। বিষয়টি নজরে আসতেই আশপাশের লোকজন দ্রুত পুলিশকে খবর দেন।

পুলিশ এসে ওই যুবককে উদ্ধার করে তড়িঘড়ি জিবিপি হাসপাতালে নিয়ে যায়। বর্তমানে তাঁর চিকিৎসা চলছে বলে জানা গেছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ও উদ্বেগের সৃষ্টি হয়েছে।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *