আগরতলা, ১২ জুন: রাজধানী আগরতলায় ফের অবৈধ দখলদারদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিল আগরতলা পুর নিগম (এএমসি)। শহরের যানজট ও পথচারীদের চলাচলের সমস্যা দূর করতে শুক্রবার আইজিএম হাসপাতাল সংলগ্ন এলাকায় ব্যাপক উচ্ছেদ অভিযান চালানো হয়। আগরতলা পুর নিগমের টাস্ক ফোর্স, প্রশাসন এবং অন্যান্য সংশ্লিষ্ট বিভাগের সহযোগিতায় পরিচালিত এই অভিযানে ফুটপাত দখল করে গড়ে ওঠা একাধিক অস্থায়ী দোকান ও অবৈধ স্থাপনা বুলডোজার দিয়ে ভেঙে ফেলা হয়।
জানা গেছে, দীর্ঘদিন ধরে আইজিএম হাসপাতালের সামনে ফুটপাতের একটি বড় অংশ অবৈধভাবে দখল করে ক্ষুদ্র ব্যবসায়ীরা ব্যবসা পরিচালনা করে আসছিলেন। ফলে সাধারণ পথচারীরা ফুটপাত ব্যবহার করতে পারছিলেন না। বাধ্য হয়ে অনেককে মূল সড়ক ধরে চলাচল করতে হচ্ছিল, যার কারণে এলাকায় প্রায়শই যানজটের সৃষ্টি হচ্ছিল এবং দুর্ঘটনার আশঙ্কাও বেড়ে যাচ্ছিল।
সম্প্রতি শহরের বিভিন্ন এলাকায় যানজট নিরসনে ট্রাফিক পুলিশের বিশেষ অভিযান চলাকালীন আইজিএম হাসপাতাল সংলগ্ন এই সমস্যাটি প্রশাসনের নজরে আসে। ট্রাফিক পুলিশ বিষয়টি আগরতলা পুর নিগম কর্তৃপক্ষকে জানালে পরিস্থিতি পর্যালোচনা করে দ্রুত উচ্ছেদ অভিযানের সিদ্ধান্ত নেওয়া হয়।
শুক্রবার সকালে শুরু হওয়া এই অভিযানে বীরেন্দ্র ক্লাব এলাকা থেকে আরএমএস চৌমুহনী সংলগ্ন অগ্রগামী ক্লাব পর্যন্ত সড়কের উভয় পাশ জুড়ে অভিযান চালানো হয়। ফুটপাতের উপর নির্মিত অস্থায়ী দোকান, টিনের শেড ও অন্যান্য অবৈধ কাঠামো ভেঙে ফেলা হয়। পাশাপাশি ফুটপাত দখল করে রাখা বিভিন্ন ব্যবসায়িক সামগ্রীও জব্দ করা হয়।
পুর নিগম সূত্রে জানা গেছে, শহরের ফুটপাত সাধারণ মানুষের চলাচলের জন্য। কোনও অবস্থাতেই ফুটপাত দখল করে ব্যবসা বা অন্য কোনও কার্যকলাপ পরিচালনা করতে দেওয়া হবে না। ভবিষ্যতেও শহরের বিভিন্ন এলাকায় এ ধরনের উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে বলে ইঙ্গিত দিয়েছে প্রশাসন।
অভিযান চলাকালীন এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছিল। ফলে কোনও অপ্রীতিকর ঘটনা ছাড়াই শান্তিপূর্ণভাবে উচ্ছেদ কার্যক্রম সম্পন্ন হয়। অভিযানের ফলে আইজিএম হাসপাতাল সংলগ্ন এলাকায় পথচারীদের চলাচল সহজ হবে এবং যানজট অনেকাংশে কমবে বলে আশা প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা।

