আগরতলা, ১১ জুন : রাজ্যে ফের উত্তেজনার পারদ চড়ল আত্মসমর্পণকারী জঙ্গি সংগঠনগুলির ঘোষিত আন্দোলন কর্মসূচিকে কেন্দ্র করে। পুনর্বাসন ও কেন্দ্র-রাজ্যের প্রতিশ্রুত প্যাকেজ বাস্তবায়নের দাবিতে ৭২ ঘণ্টার জাতীয় সড়ক ও রেল অবরোধের ডাক দিয়েছে এনএলএফটি ও এটিটিএফ-এর আত্মসমর্পণকারী জঙ্গিরা। তাঁদের এই ঘোষণার পর থেকেই বড়মুড়া পাহাড়ের পাদদেশসহ একাধিক গুরুত্বপূর্ণ স্থানে চরম উত্তেজনা ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
সূত্রের খবর, শুক্রবার সকাল থেকে রাজ্যের তিনটি গুরুত্বপূর্ণ স্থানে অবরোধ কর্মসূচি শুরু হওয়ার কথা। তার আগেই বৃহস্পতিবার দুপুর থেকে বড়মুড়া পাহাড়ের পাদদেশে আন্দোলনকারীদের জমায়েত শুরু হয়। একই সঙ্গে বড়মুড়া সংলগ্ন ভৃগুদাস পাড়া এলাকায় রেললাইন ঘিরেও অবস্থান নিতে শুরু করেন তাঁরা, ফলে রেল অবরোধের আশঙ্কায় বাড়ছে উদ্বেগ।
আন্দোলনকারীদের অভিযোগ, ২০২৪ সালের ৪ সেপ্টেম্বর কেন্দ্র, রাজ্য ও সংশ্লিষ্ট সংগঠনগুলির মধ্যে হওয়া ত্রিপাক্ষিক চুক্তির ভিত্তিতে তাঁরা অস্ত্র সমর্পণ করে সমাজের মূলস্রোতে ফিরে এলেও পুনর্বাসন প্রক্রিয়া এখনও কার্যকর হয়নি। তাঁদের দাবি, ঘোষিত ২৫০ কোটি টাকার প্যাকেজের প্রতিশ্রুতি থাকলেও বাস্তবে পুনর্বাসন খাতে এখনো এক টাকাও বরাদ্দ করা হয়নি। সেই কারণেই বাধ্য হয়ে তারা ৭২ ঘণ্টার জাতীয় সড়ক ও রেল অবরোধ কর্মসূচি নিতে বাধ্য হয়েছেন বলে দাবি আন্দোলনকারীদের।
এদিকে পরিস্থিতি নিয়ে রাজ্যের মহাকরণে উচ্চপর্যায়ের বৈঠক চলছে বলে জানা গেছে। জনজাতি কল্যাণ দফতরের মন্ত্রী বিকাশ দেববর্মা সংশ্লিষ্ট আত্মসমর্পণকারী সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে আলোচনার জন্য তিন নম্বর কনফারেন্স হলে বৈঠক ডেকেছেন। তবে ওই বৈঠকের বিস্তারিত ফলাফল বা সিদ্ধান্ত এখনও জানা যায়নি। প্রশাসনের পক্ষ থেকে পরিস্থিতির উপর কড়া নজর রাখা হচ্ছে এবং সম্ভাব্য অচলাবস্থা এড়াতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

