‘প্ল্যান ৫৫’ : উত্তর প্রদেশে সংগঠন মজবুত করতে জোর প্রস্তুতি বিজেপির

নয়াদিল্লি, ২৬ নভেম্বর : ২০২৭ সালের উত্তর প্রদেশ বিধানসভা নির্বাচনকে সামনে রেখে বিজেপি প্রস্তুতি জোরদার করতে চলেছে। দলের নির্বাচনী কৌশল অনুযায়ী, যে বিধানসভা আসনগুলোয় বিজেপি এখনও পর্যন্ত জয় পায়নি সেগুলিতে বিশেষ নজর দেওয়ার প্রস্তুতি নেওয়া হয়েছে। সূত্রের খবর, এই প্রক্রিয়ার অংশ হিসেবে দলের ‘প্ল্যান ৫৫’ নিয়ে আলোচনা করা হচ্ছে।
এই কৌশলের মূল উদ্দেশ্য হলো, এই আসনগুলোতে সংগঠনের দুর্বলতাগুলো চিহ্নিত করা এবং তৃণমূল স্তরে দলের উপস্থিতি বাড়ানো। রাজ্যের ৪০৩টি বিধানসভা আসনেই সাংগঠনিক সক্রিয়তা বাড়ানোর  পাশাপাশি এই ৫৫টি আসনের জন্য আলাদাভাবে কাজ করার প্রয়োজনীয়তা আছে বলে মনে করছে বিজেপি। দলীয় সূত্রে জানা গেছে, এই আসনগুলোতে দলের সক্রিয়তা শুধু নির্বাচনের সময় প্রচারের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না। সাংগঠনিক স্তরে এটা বোঝার চেষ্টা করা হবে, ঠিক কী কী কারণে দল এই এলাকাগুলোতে আগে সাফল্য পায়নি। স্থানীয় রাজনৈতিক সমীকরণ, প্রার্থীদের অবস্থান এবং বুথ স্তরে সংগঠনের সক্রিয়তার মতো বিষয়গুলো পর্যালোচনা করা হবে।
সম্প্রতি লখনউ ও মথুরায় বিজেপির কোর কমিটির বৈঠকেও ২০২২ সালে বিধানসভা নির্বাচনে পরাজিত আসনগুলোর ওপর বিশেষ গুরুত্ব দেওয়ার বিষয়ে আলোচনা হয়েছে। এই এলাকাগুলোতে বুথ কমিটিগুলোকে পুনরায় সক্রিয় করার চিন্তাভাবনা করা হয়েছে। বিজেপির এই কৌশলে স্থানীয় সংগঠনের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। দল এই অঞ্চলগুলোতে স্থানীয় পদাধিকারী ও কর্মীদের সক্রিয় করার পাশাপাশি প্রবীণ নেতাদের দায়িত্বও নির্ধারণ করে দিতে পারে বলে জানা গেছে দলীয় সূত্রে।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *