পুয়ের্তো রিকোর জেনিফার ব্যারেটোর মাথায় উঠল মিস ইউনিভার্স ২০২৬-এর মুকুট

সান জুয়ান (পুয়ের্তো রিকো), ২৫ নভেম্বর :  মিস ইউনিভার্স ২০২৬-এর খেতাব জিতলেন পুয়ের্তো রিকোর ২৭ বছর বয়সি জেনিফার ব্যারেটো। সান জুয়ানে আয়োজিত প্রতিযোগিতার ৭৫তম আসরে ১১৬টি দেশের  প্রতিযোগীরা অংশ নিলেও, জেনিফার তাঁর প্রতিভা ও দক্ষতার মাধ্যমে সবাইকে পেছনে ফেলে দেন। তাঁকে মুকুট পরিয়ে দেন ২০২৫ সালের মিস ইউনিভার্স বিজয়ী মেক্সিকোর ফাতিমা বশ ।  পুয়ের্তো রিকোর সান জুয়ানের হোসে মিগুয়েল অ্যাগ্রেলট কলেজিয়ামে অনুষ্ঠিত হয়েছিল এবারের প্রতিযোগিতা।

তবে এবছর ৭৫তম বর্ষ উপলক্ষে একটি বিশেষ মুকুটও উন্মোচন করা হয়। ‘দ্য রেডিয়েন্স অফ অ্যান ইটারনাল লিগ্যাসি’ নামের এই মুকুটটি জুয়েলারি ডিজাইনার জর্জ ভিটালস প্যারিসের জুয়েলারি হাউস ‘মেসন ডি’অর’-এর সঙ্গে যৌথভাবে তৈরি করা হয়েছে । ১৮ ক্যারেট হোয়াইট গোল্ড দিয়ে তৈরি এই মুকুটে ৩,১৫০টি হিরে বসানো হয়েছে। তবে এবারের প্রতিযোগিতা কেবল তার জাঁকজমকের জন্যই নয়, বরং নানা বিতর্কের কারণেও আলোচনায় ছিল। ভিসা সংক্রান্ত জটিলতা এবং ফ্র্যাঞ্চাইজি বিরোধের জেরে কয়েকটি দেশের প্রতিযোগীকে প্রতিযোগিতা থেকে সরে দাঁড়াতে হয়। পাশাপাশি, ইজরায়েলের প্রতিযোগীর ন্যাশনাল কস্টিউম বা জাতীয় পোশাক ঘিরেও সমাজ মাধ্যমে তৈরি হয় জল্পনা ।

এবছর ভারতের কেরলমের ১৯ বছর বয়সি কাজিয়া লিজ মেজো প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন। তিনি সেরা ৩০-এ (টপ-৩০) জায়গা করে নিয়ে দেশের প্রতিনিধিত্ব করেন, তবে সুইমস্যুট রাউন্ডের পর শেষ হয় তাঁর যাত্রা । মডেল হওয়ার পাশাপাশি আইনের ছাত্রী কাজিয়া চলতি বছরেই মিস ইউনিভার্স ইন্ডিয়ার খেতাব জিতেছিলেন। এই কৃতিত্ব অর্জনকারী কেরলমের প্রথম নারী ছিলেন তিনি। এর আগে ২০২৪ সালে তিনি মিস টিন ডিভা খেতাব জিতেছিলেন এবং ২০২৫ সালে মিস টিন ইন্টারন্যাশনাল প্রতিযোগিতায় ভারতের প্রতিনিধিত্ব করে ফার্স্ট রানার-আপ হয়েছিলেন তিনি ।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *