ক্যানিং, ২৪ নভেম্বর : সোমবার ভোরের ঘন কুয়াশার জেরে পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক বৃদ্ধের। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম পরেশ নায়েক (৬৬)। ক্যানিং বাজারের কাছে দুর্ঘটনাটি ঘটে। একটি অটো এবং ব্যাটারিচালিত ভ্যানের (ই-ভ্যান) মুখোমুখি সংঘর্ষের জেরে অটোযাত্রী ওই বৃদ্ধের মৃত্যু হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, এদিন ভোরে ক্যানিংয়ের হেরোভাঙার বাড়ি থেকে কাজের উদ্দেশ্যে ক্যানিং শহরে আসছিলেন পরেশ নায়েক। তিনি একটি যাত্রীবাহী অটোতে ছিলেন। ক্যানিং বাজার সংলগ্ন এলাকায় আসতেই উল্টো দিক থেকে আসা একটি ব্যাটারিচালিত ভ্যানের সঙ্গে অটোটির সজোরে সংঘর্ষ হয়।
এই দুর্ঘটনায় গুরুতর জখম হন পরেশবাবু। স্থানীয়রা তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসার পর তাঁর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় চিকিৎসকরা তাঁকে কলকাতার ন্যাশনাল মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করেন। কিন্তু কলকাতায় নিয়ে যাওয়ার পথেই মৃত্যু হয় তাঁর। এই আকস্মিক মৃত্যুতে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।
অটোচালকের দাবি, ঘন কুয়াশার কারণে দৃশ্যমানতা কম ছিল এবং উল্টো দিক থেকে আসা ভ্যানটি আচমকাই বেলাইন হয়ে অটোতে ধাক্কা মারে। ঘটনার খবর পেয়ে ক্যানিং থানার পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। ঠিক কী কারণে এবং কীভাবে এই দুর্ঘটনা ঘটল, তা খতিয়ে দেখছে পুলিশ।

