রাজ্যে গোহত্যার অনুমতি দেওয়া হবে না, আনা হবে নতুন বিল : শুভেন্দু অধিকারী

কলকাতা, ২৪ নভেম্বর : পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সোমবার ঘোষণা করলেন যে, রাজ্যে কোনোভাবেই গোহত্যার অনুমতি দেওয়া হবে না এবং এই বিষয়ে খুব শীঘ্রই নতুন বিল এনে কড়া আইন তৈরি করা হবে। নবান্নে মন্ত্রিসভার বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী আরও ঘোষণা করেন যে, বয়স্ক গরুদের সংরক্ষণ ও রক্ষণাবেক্ষণের জন্য রাজ্যের গোশালাগুলিকে প্রতি বছর এক লক্ষ টাকা করে অনুদান দেওয়া হবে।

মন্ত্রিসভার বৈঠকের পর শুভেন্দু অধিকারী স্পষ্ট ভাষায় বলেন, “রাজ্যে গোমাতার হত্যা হতে দেওয়া হবে না, এর যে ব্যাখ্যাই করা হোক না কেন।” তিনি জানান, রাজ্যে ১৯৫০ সালের পশুসম্পদ আইনের (ক্যাটল অ্যাক্ট) বিধান মেনেই পদক্ষেপ করা হবে। কসাইখানাগুলিতে (স্লটার হাউস) পশুবধ বন্ধ করে দেওয়া হবে কি না—এই প্রশ্নের উত্তরে মুখ্যমন্ত্রী বলেন, কসাইখানা এবং গোমাতার গায়ে হাত দেওয়া এক বিষয় নয়। যদি কসাইখানাগুলির কাছে বৈধ অনুমতিপত্র থাকে, তবে তারা নিয়ম মেনেই কাজ করতে পারবে।

মুখ্যমন্ত্রী জানান, আইন বলবৎ থাকা সত্ত্বেও রাজ্যের বেশ কিছু অংশে লুকিয়ে গোহত্যার অভিযোগ পাওয়া যাচ্ছে, যা বন্ধ করতে দ্রুত পদক্ষেপ নেওয়া হচ্ছে। কলকাতা হাইকোর্টের পূর্ববর্তী পর্যবেক্ষণের উল্লেখ করে তিনি বলেন, এই ধরনের কাজ কোনোভাবেই বরদাস্ত করা হবে না। যদি কোথাও গোপনে এমন কাজ চলার খবর থাকে, তবে তার বিস্তারিত তথ্য সরকারের কাছে পাঠানো হোক; অবিলম্বে তা বন্ধ করে দেওয়া হবে।

উল্লেখ্য, পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসার পর বিজেপি সরকার ১৯৫০ সালের পশুসম্পদ আইনের নিয়মগুলি কার্যকরভাবে বলবৎ করেছিল। এই নিয়ম অনুযায়ী, প্রশাসনের অনুমতি ছাড়া গবাদি পশু জবাই করা যায় না এবং ১৪ বছরের কম বয়সি গবাদি পশুর জবাইয়ের ওপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা রয়েছে। পাশাপাশি এর জন্য সংশ্লিষ্ট স্থানীয় প্রশাসন বা পশ্চিমবঙ্গের প্রাণীসম্পদ বিকাশ দফতরের লিখিত অনুমতি নেওয়া বাধ্যতামূলক।

এই বিষয়টিকে কেন্দ্র করে হাইকোর্টে একটি জনস্বার্থ মামলা দায়ের করা হয়েছিল, যার প্রেক্ষিতে গত ২১ মে কলকাতা হাইকোর্ট রাজ্য সরকারের ১৩ মে-র বিজ্ঞপ্তিটি বহাল রাখে। আদালত স্পষ্ট জানিয়ে দিয়েছিল যে, জবাইয়ের উপযুক্ত বলে শংসাপত্র (ফিট ফর স্লটার সার্টিফিকেট) ছাড়া পশুবধ করা যাবে না। আদালতের সেই পর্যবেক্ষণের সূত্র ধরেই মুখ্যমন্ত্রী ঘোষণা করেন যে, রাজ্যে বয়স্ক গরুদের লালন-পালন এবং চিকিৎসার জন্য গোশালাগুলিকে প্রতি বছর এক লক্ষ টাকার আর্থিক সহায়তা প্রদান করা হবে।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *