শিলিগুড়িতে খুলছে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাস, প্রস্তাবিত জমি পরিদর্শন করলেন বিধানসভার অধ্যক্ষ রথীন্দ্র বসু

শিলিগুড়ি, ২১ নভেম্বর : পশ্চিমবঙ্গে বামফ্রন্ট সরকারের আমলে শিলিগুড়ি মহকুমার ফাঁসিদেওয়ার লিম্বুটারিতে প্রায় ৭০ একর জমির ওপর রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাসের শিলান্যাস করা হয়েছিল। তবে বাম সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর এবং তৃণমূল কংগ্রেস সরকার গঠিত হওয়ার পরও এই প্রকল্পটিকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে কোনও সঠিক উদ্যোগ নেওয়া হয়নি। এবার রাজ্যে নতুন সরকার গঠনের পর এই ক্যাম্পাসটি চালু করার তৎপরতা জোরদার হয়েছে।সম্প্রতি শিলিগুড়ি সাংগঠনিক জেলা বিজেপি সভাপতি অরুণ মণ্ডল মুখ্যমন্ত্রীকে চিঠি লিখে দ্রুত এই ক্যাম্পাস চালু করার দাবি জানিয়েছিলেন।

এরপর তিনি বিষয়টি বিধানসভার অধ্যক্ষের কাছেও উত্থাপন করেন। সেই সূত্রেই শনিবার বিধানসভার অধ্যক্ষ রথীন্দ্র বসু প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে নিয়ে লিম্বুটারিতে পৌঁছে প্রস্তাবিত ক্যাম্পাসের জমি সরেজমিনে পরিদর্শন করেন। এই পরিদর্শনের সময় বিজেপি জেলা সভাপতি অরুণ মণ্ডলও উপস্থিত ছিলেন।পরিদর্শনকালে বিধানসভার অধ্যক্ষ প্রশাসনিক আধিকারিকদের দ্রুত ক্যাম্পাসের বর্তমান পরিস্থিতি এবং নির্মাণকাজের সম্ভাবনা সংক্রান্ত বিস্তারিত রিপোর্ট তৈরি করে জমা দেওয়ার নির্দেশ দেন। পরিদর্শনের পর রথীন্দ্র বসু জানান, রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সঙ্গে এ বিষয়ে কথা হয়েছে এবং তিনি পুরো বিষয়টি সম্পর্কে অবগত করেছেন। উত্তরবঙ্গে শিল্প ও সংস্কৃতির এক সমৃদ্ধ ঐতিহ্য রয়েছে।

এখানে বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাস চালু হলে এই অঞ্চলের পড়ুয়াদের কলা, সংগীত ও বাদ্যযন্ত্র শিক্ষার জন্য আর কলকাতায় ছুটে যেতে হবে না।তিনি আরও বলেন, সরকার এই ক্যাম্পাসটি চালু করার বিষয়ে সম্পূর্ণ প্রতিশ্রুতিবদ্ধ এবং খুব শীঘ্রই এই লক্ষ্যে কাজ এগিয়ে নিয়ে যাওয়া হবে। এখানে ক্যাম্পাস গড়ে ওঠার প্রবল সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের প্রতি দীর্ঘ বছর ধরে চলে আসা বঞ্চনা ও উপেক্ষা দূর করার ক্ষেত্রে এটি নতুন সরকারের এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে তিনি উল্লেখ করেন।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *