জয়পুরে ১৪ অবৈধ বিদেশি নাগরিককে দেশে ফেরাল প্রশাসন, এ বছর সংখ্যা ৭৫

জয়পুর, ২১ নভেম্বর : বৈধ নথি ছাড়া বসবাস এবং ভিসার নিয়ম লঙ্ঘনের অভিযোগে জয়পুর থেকে ১৪ জন বিদেশি নাগরিককে তাঁদের নিজ নিজ দেশে ফেরত পাঠাল নিরাপত্তা সংস্থাগুলি। বিদেশি আঞ্চলিক নিবন্ধন দফতর (এফআরও)-এর তত্ত্বাবধানে বিশেষ অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়। এই পদক্ষেপের ফলে চলতি বছরে জয়পুর থেকে ফেরত পাঠানো অবৈধ বিদেশি নাগরিকের সংখ্যা বেড়ে দাঁড়াল ৭৫।
ফেরত পাঠানো ১৪ জনের মধ্যে রয়েছেন থাইল্যান্ডের ১১ জন তরুণী। এ ছাড়া লাওস, নাইজেরিয়া ও কেনিয়ার একজন করে নাগরিক রয়েছেন। শহরের বিভিন্ন এলাকায় তাঁরা বৈধ নথি ছাড়াই বসবাস করছিলেন বলে অভিযোগ। নথিপত্র পরীক্ষা করতে গিয়ে তদন্তকারীরা একাধিক অনিয়মের সন্ধান পান।
তদন্তে জানা গিয়েছে, থাইল্যান্ডের দুই তরুণীর পাসপোর্টে জাল অভিবাসন সংক্রান্ত সিল ছিল। অভিযোগ, বিমানে না এসে নেপাল সীমান্ত দিয়ে গোপনে ভারতে প্রবেশ করেছিলেন তাঁরা। অন্যদিকে, নাইজেরিয়ার এক মহিলা নিজের প্রকৃত নাগরিকত্ব গোপন করতে লাইবেরিয়ার পাসপোর্ট ব্যবহার করে ভারতে ঢুকেছিলেন বলে তদন্তে উঠে এসেছে।
দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া সম্পন্ন করার আগে প্রত্যেকের সঙ্গে জিজ্ঞাসাবাদ করেন নিরাপত্তা আধিকারিকরা। সেই সূত্রে আরও কয়েকজন বিদেশি নাগরিকের নাম সামনে এসেছে। তাঁদের সঙ্গে আন্তর্জাতিক মানব পাচার চক্রের যোগাযোগ থাকতে পারে বলে সন্দেহ তদন্তকারীদের। গোয়েন্দা সংস্থা ও পুলিশ ইতিমধ্যে সন্দেহভাজনদের ঠিকানা এবং সম্ভাব্য নেটওয়ার্কের যোগসূত্র খতিয়ে দেখতে শুরু করেছে।
ঘটনার গুরুত্ব বিবেচনা করে জয়পুর সিটির এফআরও আধিকারিক ধর্মেন্দ্র সাগর হোটেল, গেস্ট হাউস, হোমস্টে ও স্পা পরিচালকদের জন্য কড়া নির্দেশ জারি করেছেন। কোনও বিদেশি নাগরিককে থাকা বা পরিষেবা দেওয়ার সুযোগ দিলে বাধ্যতামূলকভাবে ফর্ম-৩ পূরণ করে পুলিশ ও প্রশাসনকে জানাতে হবে বলে নির্দেশ দেওয়া হয়েছে। বিদেশি নাগরিকদের পরিচয় ও বসবাসের তথ্য গোপন করা কিংবা নিয়ম অমান্য করলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করা হয়েছে।
জয়পুরে অবৈধভাবে বসবাসকারী বিদেশি নাগরিকদের চিহ্নিত করতে এই অভিযানকে নিরাপত্তা সংস্থাগুলির ধারাবাহিক তৎপরতার অংশ হিসেবেই দেখা হচ্ছে।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *