২২ থেকে ২৬ নভেম্বর নদীয়ায় রাস উৎসব, রবিবার নবদ্বীপে আসছেন মুখ্যমন্ত্রী

নদিয়া, ২১ নভেম্বর : আগামী ২২ থেকে ২৬ নভেম্বর পর্যন্ত নদিয়া জেলাজুড়ে পালিত হবে ঐতিহ্যবাহী রাস উৎসব। শান্তিপুর ও নবদ্বীপে এই উৎসবকে ঘিরে ইতিমধ্যেই প্রস্তুতি শুরু করেছে প্রশাসন। শুক্রবার শান্তিপুরের রাস উৎসবের থিম সং উদ্বোধন করেন নদিয়ার জেলাশাসক শ্রীকান্ত পাল্লি। পাশাপাশি পর্যটকদের সুবিধার্থে শান্তিপুর পুরসভার উদ্যোগে তৈরি ডিজিটাল ডিরেক্টরিরও সূচনা হয়েছে।
জেলাশাসক জানান, শান্তিপুর ও নবদ্বীপের রাস উৎসবে প্রতি বছর রাজ্যের বিভিন্ন প্রান্তের পাশাপাশি ভিনরাজ্য থেকেও বহু মানুষের সমাগম হয়। সেই ভিড় সামলানো এবং দর্শনার্থীদের প্রয়োজনীয় তথ্য পৌঁছে দিতে তৈরি করা হয়েছে বিশেষ ই-ডিরেক্টরি ও ওয়েবপেজ। সেখানে উৎসব সংক্রান্ত বিভিন্ন তথ্য পাওয়া যাবে। রাস উৎসবকে আরও জনপ্রিয় করে তুলতেই তৈরি হয়েছে থিম সং।
এদিন জেলাশাসক আরও জানান, আগামী রবিবার, ২২ নভেম্বর সকালে নবদ্বীপে আসছেন মুখ্যমন্ত্রী। তিনি বিভিন্ন মণ্ডপ পরিদর্শন করবেন। উৎসব নির্বিঘ্নে সম্পন্ন করতে পুলিশ, এসডিও, বিডিও এবং পুরসভার আধিকারিকরা কাজ করছেন। বিশেষ উদ্যোগের জন্য রানাঘাটের এসডিও ও শান্তিপুর পুরসভাকে ধন্যবাদ জানান জেলাশাসক। নবদ্বীপের রাস উৎসবকে কেন্দ্র করে একটি কফি টেবিল বুক তৈরির কাজও চলছে বলে জানান তিনি।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *