নয়াদিল্লি,২১ নভেম্বর :উত্তরাখণ্ডের যোগাযোগ ব্যবস্থা, পর্যটন, স্বাস্থ্য, শিক্ষা ও বিদ্যুৎ ক্ষেত্রের উন্নয়নে কেন্দ্রীয় সহযোগিতা চাইলেন মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি। শুক্রবার নয়াদিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে রাজ্যের একাধিক গুরুত্বপূর্ণ প্রকল্পের কথা তুলে ধরেন তিনি। দিল্লি-হলদ্বানি এক্সপ্রেসওয়ে, টনকপুর-বাগেশ্বর রেলপথ, দেহরাদুন রিং রোড, চিনিয়ালিসৌড় বিমানঘাঁটির সম্প্রসারণ এবং হরিদ্বার কুম্ভ-২০২৭-এর প্রস্তুতি নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করেন মুখ্যমন্ত্রী।
সাক্ষাতের সময় উত্তরাখণ্ডের লোকশিল্প, ঐতিহ্য ও স্থানীয় পণ্যের সঙ্গে যুক্ত নানা উপহারও প্রধানমন্ত্রীর হাতে তুলে দেন ধামি। উপহারের তালিকায় ছিল মালারির হাতে তৈরি ঐতিহ্যবাহী কোটের কাপড়, দোরখা নামে পরিচিত পশমের পোশাক, বিশুদ্ধ মধু, বদ্রী ঘি, হর্ষিলের রাজমা এবং লাল চাল। হরিদ্বার কুম্ভ-২০২৭-এর আধ্যাত্মিক গুরুত্ব তুলে ধরতে মা গঙ্গার একটি প্রতিকৃতিও প্রধানমন্ত্রীকে উপহার দেন তিনি।
পাহাড়ি ও সীমিত আর্থিক সংস্থানের রাজ্য হিসেবে উত্তরাখণ্ডকে কেন্দ্রীয় সহায়তার ক্ষেত্রে ইএপি ক্যাপিং থেকে ছাড় দেওয়ার আবেদন জানান মুখ্যমন্ত্রী। চিনিয়ালিসৌড় বিমানঘাঁটির সম্প্রসারণ, আধুনিকীকরণ এবং অসামরিক ও সামরিক—দুই ধরনের ব্যবহারের উপযোগী করে তুলতে আর্থিক ও প্রযুক্তিগত সহযোগিতাও চান তিনি। কুমায়ুন অঞ্চলে যোগাযোগ ও পর্যটনের প্রসারে দিল্লি থেকে হলদ্বানি পর্যন্ত এক্সপ্রেসওয়ে নির্মাণের অনুমোদন দেওয়ার প্রস্তাবও প্রধানমন্ত্রীর সামনে রাখেন।
রেল যোগাযোগের ক্ষেত্রেও একাধিক প্রকল্পের কথা তুলে ধরেন ধামি। টনকপুর-বাগেশ্বর রেলপথে রোড-কাম-রেল টানেল নির্মাণ, অতিরিক্ত রুটের চূড়ান্ত অবস্থান সমীক্ষা এবং অনুমোদনের আবেদন জানান তিনি। পাশাপাশি বাগেশ্বর-কর্ণপ্রয়াগ রেলপথের সমীক্ষা, হরিদ্বার-দেহরাদুন রেলপথের দ্বিগুণীকরণ এবং ঋষিকেশ-উত্তরকাশী রেলপথের প্রস্তাব বিবেচনার অনুরোধ করেন।
স্বাস্থ্য পরিষেবার উন্নয়নেও কেন্দ্রের সহযোগিতা চেয়েছে রাজ্য। আয়ুষ মন্ত্রকের প্রস্তাবিত তিনটি সর্বভারতীয় আয়ুর্বেদিক প্রতিষ্ঠানের মধ্যে একটি উধম সিং নগর জেলার কিচ্ছায় স্থাপনের আবেদন জানিয়েছেন মুখ্যমন্ত্রী।
কেন্দ্রের ইতিমধ্যে দেওয়া আর্থিক সহায়তার জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদও জানান ধামি। তাঁর বক্তব্য অনুযায়ী, কুম্ভ-২০২৭ আয়োজনের জন্য ৫০০ কোটি টাকা এবং এসএএসসিআই প্রকল্পের আওতায় প্রায় ৯,৫০০ কোটি টাকার সহায়তা পেয়েছে রাজ্য। বিদ্যুৎ ব্যবস্থার আধুনিকীকরণ ও শক্তিশালীকরণের জন্য আরডিএসএস প্রকল্পে ৩,৪৩৬.০৮ কোটি টাকার অনুমোদন, চারধাম যাত্রাপথের গুরুত্বপূর্ণ স্থানে এটিসি টাওয়ার স্থাপন এবং চম্পাবত বাইপাস নির্মাণে ১৯৯ কোটি টাকার অনুমোদনের জন্যও কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।
দেহরাদুন রিং রোড প্রকল্পের প্রায় ১,২০০ কোটি টাকার পরিকল্পনার রুট বা অ্যালাইনমেন্ট অনুমোদন, দেরাদুন-মুসৌরি রোপওয়ের সমীক্ষা ও বন-অনুমোদন প্রক্রিয়া, বিদ্যুৎ, জলবিদ্যুৎ ও পানীয় জলের প্রকল্প, স্বাস্থ্য পরিষেবা, চিকিৎসা শিক্ষা এবং বিপর্যয় মোকাবিলা ও পুনর্গঠনের কাজেও কেন্দ্রের সহযোগিতার কথা উল্লেখ করেন মুখ্যমন্ত্রী।
যানজট কমাতে দেহরাদুন থেকে হরিদ্বার পর্যন্ত আরআরটিএস পরিষেবা সম্প্রসারণের সম্ভাবনা খতিয়ে দেখার জন্য মেরঠ-মোদিপুরম থেকে হরিদ্বার পর্যন্ত সমীক্ষার আবেদন জানান তিনি। ঋষিকেশে যানবাহনের চাপ কমাতে বজরং সেতু থেকে বৈরাগী ক্যাম্প পর্যন্ত অভ্যন্তরীণ জলপথ কর্তৃপক্ষের মাধ্যমে সমীক্ষা করার প্রস্তাবও দেন।
পর্যটনকে রাজ্যের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি হিসেবে তুলে ধরে ধামি জানান, রামনগর, দেহরাদুন, ঋষিকেশ ও ত্রিযুগীনারায়ণকে বিয়ের গন্তব্য হিসেবে গড়ে তোলার কাজ চলছে। পাশাপাশি চোপতা-দুগলবিট্টা, পাটওয়াডাঙ্গর এবং শারদা করিডর এলাকাতেও নতুন বিয়ের গন্তব্য তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। এর জন্য রাজ্যে পৃথক ওয়েডিং ডেস্টিনেশন নীতি ও বিস্তারিত নির্দেশিকা তৈরি হয়েছে।
আধ্যাত্মিক পর্যটনের প্রসারে পৌড়ি গঢ়ওয়ালের বেলকেদার, তেহরি গঢ়ওয়ালের অঞ্জনিসেঁণ ও তেহরি এলাকা এবং চম্পাবতের লোহাঘাট ও শ্যামলাতালকে আধ্যাত্মিক অর্থনৈতিক অঞ্চল হিসেবে গড়ে তোলার পরিকল্পনার কথাও জানান মুখ্যমন্ত্রী। শীতকালীন পর্যটন বাড়াতে চারধামের প্রধান গদ্দিস্থলগুলি থেকে যাত্রা শুরু করা হয়েছে। গঢ়ওয়াল মণ্ডল বিকাশ নিগম এবং কুমায়ুন মণ্ডল বিকাশ নিগমের পর্যটক আবাসে ৫০ শতাংশ ছাড় দেওয়া হচ্ছে বলেও জানান তিনি।
অ্যাডভেঞ্চার পর্যটনের ক্ষেত্রেও নানা উদ্যোগের কথা তুলে ধরেন ধামি। আদি কৈলাস পরিক্রমা দৌড়, উচ্চ হিমালয় অঞ্চলে আল্ট্রা ম্যারাথন, মানা উপত্যকায় প্রস্তাবিত ম্যারাথন, তেহরি হ্রদে ‘সাম-অ্যাক্রো’ উৎসব এবং আউলিতে জাতীয় স্কিইং চ্যাম্পিয়নশিপ আয়োজনের পরিকল্পনার কথা জানান তিনি। ‘ভাইব্র্যান্ট ভিলেজ’ কর্মসূচির মাধ্যমে সীমান্তবর্তী গ্রামগুলিতে স্থানীয় মানুষের কর্মসংস্থানের সুযোগ তৈরির উদ্যোগও তুলে ধরেন।
স্থানীয় পণ্যকে জাতীয় ও আন্তর্জাতিক বাজারে পৌঁছে দিতে ‘হাউস অফ হিমালয়াজ’ ব্র্যান্ডের কথা উল্লেখ করেন মুখ্যমন্ত্রী। তাঁর দেওয়া তথ্য অনুযায়ী, এই ব্র্যান্ডের ব্যবসার পরিমাণ ৬.৯ কোটি টাকায় পৌঁছেছে। অ্যামাজন, ওএনডিসি, জিওমার্ট, বিগ বাস্কেট এবং ব্লিঙ্কিটের মতো ডিজিটাল মঞ্চেও উত্তরাখণ্ডের পণ্য বিক্রি হচ্ছে। এক্সপোর্ট প্রিপেয়ার্ডনেস ইনডেক্সে ছোট রাজ্যগুলির মধ্যে উত্তরাখণ্ড প্রথম স্থান অর্জন করেছে বলেও জানান তিনি।
শিক্ষাক্ষেত্রে ক্লাস্টার স্কুল গড়ে তোলা এবং পড়ুয়াদের শিক্ষামূলক ভ্রমণের বিষয়েও প্রধানমন্ত্রীকে অবহিত করেন ধামি। ‘ভারত দর্শন’ কর্মসূচিতে মাধ্যমিক পরীক্ষায় ভালো ফল করা ৩৭৯ জন পড়ুয়াকে দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ শিক্ষা, শিল্প, বিজ্ঞান ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানে ঘুরিয়ে দেখানো হয়েছে। একই ধরনের ‘উত্তরাখণ্ড দর্শন’ শিক্ষামূলক কর্মসূচির পরিকল্পনাও রয়েছে।
প্রধানমন্ত্রীর দিশা ও কেন্দ্রীয় সরকারের সহযোগিতায় রাজ্যের উন্নয়ন প্রকল্পগুলি গতি পাচ্ছে বলে দাবি করেন মুখ্যমন্ত্রী। ‘বিকশিত উত্তরাখণ্ড’-এর লক্ষ্য পূরণে রাজ্য সরকার প্রতিশ্রুতিবদ্ধ বলেও জানান তিনি।

