নয়াদিল্লি, ২১ নভেম্বর : উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের মা সাবিত্রী দেবীর প্রয়াণে শোকপ্রকাশ করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সমাজমাধ্যমে শোকবার্তায় তিনি লেখেন, মায়ের চলে যাওয়া জীবনের এমন এক ক্ষতি, যার পূরণ কখনও সম্ভব নয়।
অমিত শাহ তাঁর বার্তায় যোগী আদিত্যনাথ ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। প্রয়াতের আত্মার শান্তি কামনা করে তিনি প্রার্থনা করেন, ঈশ্বর যেন তাঁকে নিজের চরণে স্থান দেন এবং এই কঠিন সময়ে পরিবারের সদস্যদের শোক সহ্য করার শক্তি জোগান।
প্রসঙ্গত , শুক্রবার ৮৯ বছর বয়সে পরলোক গমন করেন সাবিত্রী দেবী। উত্তরাখণ্ডের পৌড়ী গাড়ওয়াল জেলার যমকেশ্বরে তাঁর পারিবারিক ভিটে পাঞ্চুর গ্রামে শুক্রবার সকাল ১১টা নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। জানা গেছে, শনিবার হরিদ্বারে তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে। তাঁর প্রয়াণের খবরে শোকের ছায়া নেমে এসেছে তাঁর পরিবার, আত্মীয়স্বজন, রাজনৈতিক মহলে| সাবিত্রী দেবীর প্রয়াণে গভীর শোকপ্রকাশ করেছেন সমাজের বিভিন্ন ক্ষেত্রের মানুষজন।
প্রসঙ্গত উল্লেখ্য, মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সঙ্গে তাঁর মায়ের শেষ সাক্ষাৎ হয়েছিল চলতি বছরের মে মাসে। ৭ মে দু’দিনের উত্তরাখণ্ড সফরে যোগী আদিত্যনাথ পৈতৃক গ্রাম পঞ্চূরে গিয়েছিলেন। সেই সময় তিনি গ্রামে আয়োজিত ধর্মীয় অনুষ্ঠানে অংশ নেওয়ার পাশাপাশি পরিজনদের সঙ্গেও দেখা করেছিলেন। ৮ মে বিভিন্ন কর্মসূচির পর মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ নিজের পৈতৃক বাসভবনে গিয়ে মা সাবিত্রী দেবীর সঙ্গে দেখা করে তাঁর আশীর্বাদ নেন। মা-ছেলের সেই সাক্ষাৎই ছিল তাঁদের শেষ সাক্ষাৎ।

