রাতের অন্ধকারে ক্যানিংয়ে বিজেপির দলীয় কার্যালয়ে আগুন লাগানোর অভিযোগ

ক্যানিং, ১৭ নভেম্বর : রাতের অন্ধকারে বিজেপির দলীয় কার্যালয়ে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ উঠল একদল দুষ্কৃতীর বিরুদ্ধে। অভিযোগ দুষ্কৃতিরা আইএসএফ আশ্রিত। ঘটনাটি ঘটেছে সোমবার রাতে ক্যানিং পূর্ব বিধানসভার কালিকাতলা গ্রাম পঞ্চায়েতের ঝাউতলা বাজারে।
রাতের অন্ধকারে বিজেপির দলীয় কার্যালয়ের তালা কেটে ভেতরে কেরোসিন ছড়িয়ে আগুন লাগিয়ে দিয়েছে বলে অভিযোগ। তৃণমূলের লোকজন সম্প্রতি যারা আইএসএফে ভিড়েছে তাঁরাই এই দুষ্কর্ম করেছে বলে দাবি এলাকার বিজেপি নেতৃত্বের। রাতেই আগুন লাগার খবর পেয়ে স্থানীয় বিজেপি কর্মীরা দ্রুত ঘটনাস্থলে এসে আগুন নেভায়। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাপা উত্তেজনা রয়েছে। ইতিমধ্যেই বিজেপির তরফ থেকে থানায় লিখিত অভিযোগ জানানো হয়েছে। অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
আইএসএফের ক্যানিং ২ ব্লক সভাপতি আশরাফ মোল্লা বলেন, “ এই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। দীর্ঘদিন ধরে বিজেপির মধ্যে ওই এলাকায় গোষ্ঠী কোন্দল রয়েছে, সেই কারণে এই দলীয় কার্যালয়ে আগুন লাগানো হতে পারে। তবে এই ঘটনায় কোন আইএসএফ কর্মী জড়িত নয়। মিথ্যা বদনাম করার জন্য এই অভিযোগ তোলা হচ্ছে।”

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *