নয়াদিল্লি, ১৭ নভেম্বর : রাজধানী দিল্লির শাহদারা জেলার বিবেক বিহার থানা এলাকার অন্তর্গত জ্বালা নগরে মঙ্গলবার একটি পুরনো বাড়ি ভেঙে পড়ে মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে। এই ঘটনায় ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে মাত্র তিন মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে যায় দমকল বাহিনী, দিল্লি পুলিশ এবং অ্যাম্বুলেন্স পরিষেবা। যৌথ উদ্ধারকারী দল ধ্বংসস্তূপ সরিয়ে ৭ থেকে ৮ জনকে জীবিত অবস্থায় উদ্ধার করেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন হঠাৎই জ্বালা নগর এলাকার ওই জীর্ণ বাড়িটি ভেঙে পড়ে। বিকট শব্দ শুনে স্থানীয় বাসিন্দারা প্রথমে উদ্ধারকাজে হাত লাগান এবং পুলিশ ও দমকলে খবর দেন। দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দমকল কর্মী ও পুলিশ ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া মানুষজনকে বের করে আনার কাজ শুরু করে। উদ্ধার হওয়া ৭-৮ জনকে চিকিৎসার জন্য নিকটবর্তী হাসপাতালে পাঠানো হয়েছে।
ঘটনাস্থল পরিদর্শন করে উত্তর দিল্লি পুরনিগমের চেয়ারম্যান পঙ্কজ লুথরা সাংবাদিকদের জানান, “এটি প্রায় ৪০ থেকে ৫০ বছরের পুরনো একটি ভবন ছিল। অত্যন্ত দুর্ভাগ্যজনকভাবে এই দুর্ঘটনায় তিন মাস বয়সী একটি শিশুর মৃত্যু হয়েছে।”
পুরনো ও বিপজ্জনক ওই বাড়িটি কীভাবে ভেঙে পড়ল এবং এর পেছনে কোনও গাফিলতি ছিল কি না, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে বিবেক বিহার থানার পুলিশ ও পুরনিগম কর্তৃপক্ষ।

