খাবারের সন্ধানে গ্রামে ঢুকে তাণ্ডব ‘রামলালের’, আতঙ্ক ঝাড়গ্রামে

ঝাড়গ্রাম, ১৭ নভেম্বর : খাবারের সন্ধানে লোকালয়ে ঢুকে ব্যাপক তাণ্ডব চালাল ঝাড়গ্রামের অতি পরিচিত আবাসিক বা স্থায়ী হাতি ‘রামলাল’। সোমবার সকালে ঘটনাটি ঘটেছে লোধাশুলি রেঞ্জের পেনিয়াভাঙা গ্রামে। হঠাৎই আক্রমণাত্মক মেজাজে গ্রামের একটি বাড়িতে ঢুকে পড়ে হাতিটি এবং সেখানে পড়ে থাকা একটি অচল অ্যাম্বুল্যান্সে হামলা চালিয়ে সেটিকে ভাঙচুর করার চেষ্টা করে। শান্ত স্বভাবের বলে পরিচিত রামলালের এমন আকস্মিক রুদ্রমূর্তি দেখে তীব্র আতঙ্ক ও চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকায়।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন সকালে আচমকাই পেনিয়াভাঙা গ্রামে ঢুকে পড়ে রামলাল। এরপরই গ্রামের বাসিন্দা নকুল মাহাতোর বাড়ির চত্বরে ঢুকে সেখানে দীর্ঘদিন ধরে অচল অবস্থায় পড়ে থাকা একটি অ্যাম্বুল্যান্সের ওপর চড়াও হয় সে। শুঁড় ও মাথা দিয়ে ধাক্কা মেরে গাড়িটিকে ভাঙার চেষ্টা চালায় হাতিটি। স্থানীয় বাসিন্দাদের দাবি, ওই অচল অ্যাম্বুল্যান্সটি পূর্ববর্তী তৃণমূল আমল থেকেই ওখানে পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে।

বনদপ্তর সূত্রে খবর, গত কয়েকদিন ধরেই রামলাল শালবনী, জিতুশোল, শিরশি, লবকুশ, বরিয়া এবং ঘৃতখাম সহ সংলগ্ন বনাঞ্চল ও লোকালয়ের আশপাশে ঘোরাঘুরি করছিল। কিন্তু সোমবার সকালে তার আচরণ হঠাৎ করেই অত্যন্ত আক্রমণাত্মক হয়ে ওঠে। গ্রামবাসীদের আশঙ্কা, আগের তুলনায় রামলালের স্বভাব অনেকটাই বদলে গিয়েছে এবং সে আরও বেশি হিংস্র হয়ে উঠেছে। ফলে বর্তমান পরিস্থিতিতে হাতিটির কাছাকাছি যাওয়া যথেষ্ট বিপজ্জনক হয়ে দাঁড়িয়েছে।

এদিকে, ঘটনার খবর পেয়েই হাতিটির গতিবিধির ওপর কড়া নজরদারি শুরু করেছে বনদপ্তর। বনকর্মীদের তরফে এলাকার বাসিন্দাদের সতর্ক থাকার এবং কোনো অবস্থাতেই রামলালের কাছাকাছি না যাওয়ার জন্য বারবার আবেদন জানানো হচ্ছে। উল্লেখ্য, জঙ্গলমহলের বাসিন্দাদের কাছে ‘রামলাল’ বরাবরই শান্ত স্বভাবের হাতি হিসেবে পরিচিত। কিন্তু ঠিক কী কারণে সে এমন আক্রমণাত্মক আচরণ করছে, তা খতিয়ে দেখতে হাতিটিকে নিবিড়ভাবে পর্যবেক্ষণ (মনিটরিং) করছেন বনদপ্তরের আধিকারিক ও কর্মীরা।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *