রাস্তায় মদ্যপান করে গুন্ডাগিরি বরদাস্ত নয়, দুষ্কৃতীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি মন্ত্রী উমেশ রায়ের

হাওড়া, ১৪ নভেম্বর : রাস্তায় মদ্যপান করে সাধারণ মানুষের সঙ্গে দুর্ব্যবহার কিংবা গুন্ডাগিরি করলে কাউকে রেয়াত করা হবে না। প্রয়োজনে এলাকা ছাড়া করা হবে অভিযুক্তদের। প্রকাশ্য মঞ্চ থেকে এমনই কড়া হুঁশিয়ারি দিলেন উত্তর হাওড়ার বিধায়ক তথা মন্ত্রী উমেশ রায়। তাঁর এই মন্তব্যকে ঘিরে হাওড়ার রাজনৈতিক মহল থেকে সাধারণ মানুষের মধ্যে চর্চা শুরু হয়েছে।

মদ্যপানের ব্যক্তিগত স্বাধীনতার প্রসঙ্গ তুলে মন্ত্রী বলেন, নিজের পয়সায় কেউ ক্লাবে, বাড়িতে, ছাদে কিংবা নির্দিষ্ট মদের জায়গায় বসে পান করলে তাতে তাঁর আপত্তি নেই। এমনকী, নিজের স্বাস্থ্যের ক্ষতি করলেও তা সংশ্লিষ্ট ব্যক্তির ব্যক্তিগত বিষয়। কিন্তু রাস্তায় মদ্যপান করে নৈরাজ্য সৃষ্টি, সাধারণ মানুষকে হেনস্থা কিংবা গুন্ডাগিরি কোনওভাবেই বরদাস্ত করা হবে না।

বিশেষ করে মহিলাদের নিরাপত্তার বিষয়টি তুলে ধরে তিনি বলেন, কোনও মহিলা শ্লীলতাহানির অভিযোগ জানালে এবং তা প্রমাণিত হলে অভিযুক্তকে কঠোর শাস্তির মুখে পড়তে হবে। শুধু ওই এলাকা নয়, প্রয়োজনে সংশ্লিষ্ট ব্যক্তিকে এলাকা ছাড়তে বাধ্য করা হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।

রাস্তায় সাধারণ মানুষের নিরাপত্তা ও এলাকার আইনশৃঙ্খলা বজায় রাখতেই এই কঠোর অবস্থানের কথা জানিয়েছেন মন্ত্রী।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *