পূর্ব বর্ধমান, ১৪ নভেম্বর : ডাউন আসানসোল-শিয়ালদহ ইন্টারসিটি এক্সপ্রেসের ধাক্কায় খণ্ড-বিখণ্ড মা ও মেয়ে। বর্ধমান স্টেশনের জিআরপি দেহ দু’টি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়। মা ও মেয়ের মৃত্যুতে শোকস্তব্ধ গোটা পরিবার।
মৃতরা হলেন পূজা দাস এবং পল্লবী দাস। দু’জনে সম্পর্কে মা ও মেয়ে। পূর্ব বর্ধমানের মঙ্গলকোটের কৃষ্ণবাটি গ্রামের বাসিন্দা। ভাইফোঁটায় পূজা মেয়েকে নিয়ে গলসির পারাজ গ্রামে বাপের বাড়িতে গিয়েছিলেন। শুক্রবার সকালে সেখান থেকেই ফিরছিলেন তাঁরা।
মা ও মেয়ে মিলে পৌঁছন খানা জংশনে। প্রত্যক্ষদর্শীদের দাবি, সিগনাল না দেখেই রেললাইন পার করতে যান। সেই সময় ডাউন আসানসোল-শিয়ালদহ ইন্টারসিটি এক্সপ্রেস লাইনে চলে আসে। ট্রেনের ধাক্কায় মৃত্যু হয় মা ও মেয়ের।
বর্ধমান স্টেশনের জিআরপি পরিবারের লোকজনের সঙ্গে যোগাযোগ করে। মৃতার স্বামী বাপি দাস এবং ভাই ছোটন ঘটনাস্থলে পৌঁছন। দেহ দু’টি শনাক্ত করেন। এরপর দেহ উদ্ধার করে জিআরপি ময়নাতদন্তে পাঠায়।

