বিশ্বজুড়ে মাইক্রোসফটের ‘ক্লাউড’ এবং ‘এম এস অফিস’ পরিষেবায় বড়সড় বিভ্রাট

ওয়াশিংটন, ১৪ নভেম্বর : বিশ্বজুড়ে মাইক্রোসফটের ‘ক্লাউড’ এবং ‘এম এস অফিস’ পরিষেবায় বড়সড় বিভ্রাট| এই বিভ্রাটের জেরে চরম ভোগান্তিতে পড়েছেন লক্ষ লক্ষ ব্যবহারকারী। সংস্থার তরফে জানানো হয়েছে, এই যান্ত্রিক ত্রুটি মেরামত করতে প্রত্যাশার চেয়ে আরও বেশি সময় লাগতে পারে।

শুক্রবার দুপুরে ‘এক্স’-এ মাইক্রোসফট ৩৬৫ স্ট্যাটাসের সর্বশেষ বার্তায় স্পষ্ট জানানো হয়েছে, পরিষেবা স্বাভাবিক করার জন্য যে পদক্ষেপ নেওয়া হয়েছিল, তা আশানুরূপ কাজ করছে না। ফলে ট্র্যাফিক ব্যবস্থাপনার ভারসাম্য ফেরাতে বিকল্প পথের সন্ধান করছেন সংস্থার ইঞ্জিনিয়াররা|

এই বিভ্রাটের জেরে মাইক্রোসফটের ইমেল পরিষেবা, অফিসিয়াল যোগাযোগ মাধ্যম এবং ক্লাউড-ভিত্তিক একাধিক অ্যাপ্লিকেশন সম্পূর্ণ বা আংশিকভাবে স্তব্ধ হয়ে গিয়েছে। ওয়েবসাইট পর্যবেক্ষণকারী সংস্থা ‘ডাউনডিটেক্টর’-এর তথ্য অনুযায়ী, বিভ্রাট যখন চরমে পৌঁছায়, তখন বিশ্বজুড়ে প্রায় ১ লক্ষ ৩০ হাজার ব্যবহারকারী সমস্যার কথা নথিভুক্ত করেন।

ব্যবহারকারীরা জানিয়েছেন, তাঁরা ‘আউটলুক’-এ ঢুকতে পারছেন না, ইমেল পাঠানো বা গ্রহণ করা যাচ্ছে না এবং ইনবক্সও লোড হচ্ছে না। পাশাপাশি, ‘মাইক্রোসফট টিমস’, সংস্থার এআই অ্যাসিস্ট্যান্ট ‘কোপাইলট’ এবং মাইক্রোসফট ৩৬৫-এর অন্যান্য অ্যাপ্লিকেশন ব্যবহারেও হাজার হাজার মানুষ সমস্যার মুখে পড়েছেন।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *