নিলামবাজারে কুপিয়ে খুন দুই শিশুপুত্রকে, প্রাণঘাতী হামলা বাবা-মা ও আরেক ভাইয়ের ওপর, আশঙ্কাজনক তিন, গ্ৰেফতার অভিযুক্ত

শ্রীভূমি (অসম), ১৪ নভেম্বর : দক্ষিণ অসমের শ্রীভূমি জেলান্তৰ্গত নিলামবাজার থানাধীন গোলাঘাট গ্ৰামে একই পরিবারের দুই সদস্যকে নৃশংসভাবে খুনের ঘটনা সংগঠিত হয়েছে। নিজের দুই নাবালক ভাইকে নৃশংসভাবে হত্যা করার পাশাপাশি বাবা-মা এবং অপর এক ভাইয়ের ওপর প্রাণঘাতী হামলা চালানোর অভিযোগ উঠেছে ফারুক আহমেদ নামের এক যুবকের বিরুদ্ধে।

গতকাল বৃহস্পতিবার গভীর রাতে সংগঠিত মর্মান্তিক এই ঘটনায় মৃত্যু হয়েছে দুই ভাই জাহাঙ্গীর হুসেন (৮) এবং আলম উদ্দিন (৭)-এর। অন্যদিকে, গুরুতরভাবে আহত হয়েছেন বাবা খলিল উদ্দিন, ভাই আলতাফ হুসেইন এবং মা আলিয়া বেগম। আহত তিনজনকেই আশঙ্কাজনক অবস্থায় উন্নত চিকিৎসার জন্য শিলচর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তাঁদের মধ্যে এক ভাইয়ের অবস্থা অত্যন্ত সংকটজনক বলে জানা গেছে।

ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকায় ব্যাপক উত্তেজনা ও চাঞ্চল্যের সৃষ্টি হয়। খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে পৌঁছে নিলামবাজার থানার পুলিশ অভিযুক্ত ফারুক আহমেদকে আটক করে।

পুলিশের প্রাথমিক অনুমান, অভিযুক্ত যুবক নেশাসক্ত ছিল। পারিবারিক বিবাদের জেরেই মর্মান্তিক এই হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে বলে। ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু করেছে পুলিশ। পুলিশি তদন্তের পরই ঘটনার সম্পূর্ণ রহস্য উদ্ঘাটিত হবে বলে মনে করছেন স্থানীয়রা।

একই পরিবারের দুই শিশুর এমন মর্মান্তিক মৃত্যু এবং বাবা-মা ও আরেক ভাইয়ের ওপর প্রাণঘাতী হামলার ঘটনায় গোটা নিলামবাজার এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *