ধারাসিভ, ৯ নভেম্বর : মহারাষ্ট্রের ধারাসিভ জেলায় ঘটে গেল এক মর্মান্তিক অগ্নিকাণ্ড। সোমবার ভোররাতে ধারাসিভ গ্রামীণ থানা এলাকার অন্তর্গত ইয়েদশি গ্রামে একটি মুদির দোকান ও তার ওপরের দোতলা আবাসনে বিধ্বংসী আগুন লেগে একই পরিবারের ছয় সদস্যের মর্মান্তিক মৃত্যু হয়েছে। দোকানে মজুত থাকা প্লাস্টিক ও তেলের ক্যানে আগুন লেগে যাওয়ায় নিমেষেই লেলিহান শিখা পুরো বাড়িকে গ্রাস করে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, দুর্ঘটনাটি ঘটেছে সোমবার ভোররাত আনুমানিক আড়াইটে নাগাদ। সেই সময় দোতলার আবাসনে পরিবারের সদস্যরা সবাই গভীর ঘুমে আচ্ছন্ন ছিলেন। নিচের মুদির দোকানে প্রচুর পরিমাণে প্লাস্টিকের সামগ্রী এবং ভোজ্য তেলের ক্যান মজুত থাকায় আগুন দ্রুত ভয়াবহ রূপ নেয় এবং ওপরের তলায় ছড়িয়ে পড়ে।
ধারাসিভের পুলিশ সুপার (এসপি) ঋতু খোকার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, “ধারাসিভ গ্রামীণ থানা এলাকার ইয়েদসি গ্রামে ভোর প্রায় আড়াইটে নাগাদ একটি মুদির দোকান ও তার ওপরের বাড়িতে আগুন লাগার ঘটনায় ছয়জনের মৃত্যু হয়েছে, যা অত্যন্ত দুর্ভাগ্যজনক। মুদির দোকানে প্রচুর প্লাস্টিকের জিনিসপত্র ও তেলের ক্যান থাকায় আগুন আচমকাই ভয়াবহ আকার ধারণ করে।”
প্রাণহানির কারণ ব্যাখ্যা করে তিনি আরও বলেন, “ওপরের তলায় ঘুমিয়ে থাকা সদস্যদের মধ্যে চারজনের বিষাক্ত ধোঁয়ায় দম আটকে মৃত্যু হয়েছে। অন্যদিকে, নিচে নেমে নিজেদের বাঁচানোর মরিয়া চেষ্টা করার সময় আগুনে ঝলসে আরও দু’জনের মৃত্যু হয়। পরিবারের মধ্যে কেবল একজন যুবক রক্ষা পেয়েছেন এবং বর্তমানে তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে।”
খবর পেয়ে পুলিশ ও দমকল বাহিনী ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনে এবং মৃতদেহগুলি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই এই অগ্নিকাণ্ড ঘটেছে বলে ধারণা করা হলেও, দুর্ঘটনার সঠিক কারণ অনুসন্ধানে বিস্তারিত তদন্ত শুরু করেছে ধারাসিভ গ্রামীণ থানার পুলিশ। উৎসবের মরশুমে একই পরিবারের ছয়জনের এমন করুণ পরিণতিতে গোটা ইয়েদশি গ্রামজুড়ে শোকের আবহ।

