কলকাতা, ৬ নভেম্বর : শুক্রবার দক্ষিণবঙ্গে শুষ্ক আবহাওয়ার পূর্বাভাস| আগামী রবিবার পর্যন্ত শহরে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই বলেই জানিয়েছে আবহাওয়া দফতর। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের আবহাওয়া থাকবে মূলত শুষ্ক। সকাল ও সন্ধ্যায় মনোরম আবহাওয়া থাকবে। পশ্চিমের জেলাগুলিতে অনুভূত হবে হালকা শীতের আমেজ। কোথাও কোথাও আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। সপ্তাহান্তে তাপমাত্রা সার্বিক ভাবে ২-৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে দক্ষিণবঙ্গে। সোমবার থেকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায়। বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টি হতে পারে সোমবার ও মঙ্গলবার। সোমবার বৃষ্টি হতে পারে কলকাতা ছাড়াও দুই ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, নদিয়া ও মুর্শিদাবাদে। ওই জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুই ২৪ পরগনা ও দুই মেদিনীপুরে।
অন্য দিকে, উত্তরবঙ্গেও শুক্রবার মূলত শুষ্ক আবহাওয়া থাকবে। আগামী কয়েক দিনে উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির কোনও পূর্বাভাস দেয়নি আবহাওয়া দফতর। রাতের তাপমাত্রা কিছুটা কমতে পারে। শনিবারের মধ্যে রাতের তাপমাত্রা ২-৪ ডিগ্রি পর্যন্ত কমতে পারে। তবে দিনের তাপমাত্রায় এখনই বড় কোনও পরিবর্তনের সম্ভাবনা নেই। সোমবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে মালদা এবং দুই দিনাজপুরে।

