বক্সনগর, ৫ নভেম্বর: বিএসএফ জওয়ানদের ওপর হামলার ঘটনার পর সীমান্ত সুরক্ষায় তৎপর হয়ে উঠেছে প্রশাসন। ঘটনার রেশ কাটতে না কাটতেই সিপাহীজলা জেলার বক্সনগরের সংবেদনশীল আশাবাড়ি সীমান্ত এলাকায় শুরু হয়েছে ব্যাপক যৌথ তল্লাশি ও নথিপত্র যাচাই অভিযান। বৃহস্পতিবার সকাল থেকেই বিএসএফ, বক্সনগর তহশিলদার এবং মহকুমা প্রশাসনের আধিকারিকরা সীমান্তবর্তী এলাকায় বাড়ি বাড়ি গিয়ে জমির বৈধ দলিল ও অন্যান্য নথিপত্র খতিয়ে দেখতে শুরু করেছেন। প্রশাসনের এই আকস্মিক পদক্ষেপকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ও আতঙ্ক ছড়িয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত সোমবার বক্সনগরের আশাবাড়ি নতুন বাজার এলাকায় কর্তব্যরত বিএসএফ জওয়ানদের ওপর অতর্কিত হামলার ঘটনা ঘটে। সীমান্তরক্ষী বাহিনীর জওয়ানদের ওপর এই হামলার ঘটনাকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছে বিএসএফ ও প্রশাসন। সীমান্ত সুরক্ষা জোরদার করা, অবৈধ অনুপ্রবেশ রোধ এবং সন্দেহজনক গতিবিধি শনাক্ত করার লক্ষ্যেই এই বিশেষ অভিযান চালানো হচ্ছে বলে মনে করা হচ্ছে।
বৃহস্পতিবার সকাল থেকে বিএসএফ ও প্রশাসনের যৌথ দল আশাবাড়ি সীমান্ত এলাকার বিভিন্ন বাড়িতে পৌঁছে জমির মালিকানা সংক্রান্ত দলিল, বৈধ কাগজপত্র এবং অন্যান্য প্রয়োজনীয় নথি যাচাই শুরু করে। কার নামে জমির দলিল রয়েছে, জমির মালিকানা বৈধ কি না এবং সংশ্লিষ্ট নথিপত্রের সঙ্গে বাস্তব পরিস্থিতির সামঞ্জস্য রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
সীমান্তবর্তী এলাকায় নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় প্রশাসনের এই পদক্ষেপকে গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। তবে আকস্মিকভাবে বাড়ি বাড়ি গিয়ে নথিপত্র যাচাইয়ের ফলে স্থানীয় বাসিন্দাদের একাংশের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। অনেকের আশঙ্কা, এই অভিযানের জেরে সাধারণ ও নিরীহ গ্রামবাসীদেরও অযথা হয়রানির মুখে পড়তে হতে পারে। ফলে প্রশাসনের পদক্ষেপ ঘিরে এলাকায় মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে।
এদিকে, আশাবাড়ি সীমান্ত এলাকায় বর্তমানে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। বিএসএফ ও মহকুমা প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকরা গোটা পরিস্থিতির ওপর নজর রাখছেন। সীমান্তে নিরাপত্তা বজায় রাখা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে যৌথ অভিযান অব্যাহত রয়েছে।

