আগরতলা, ৫ নভেম্বর : আসন্ন আগরতলা পুর নিগম নির্বাচনে আরও বেশি ভোটে জয়লাভের লক্ষ্যে উন্নয়নের বার্তা নিয়ে প্রচারে ঝাঁপিয়ে পড়ার আহ্বান জানালেন মুখ্যমন্ত্রী প্রফেসর (ডাঃ) মানিক সাহা। বৃহস্পতিবার প্রদেশ বিজেপি কার্যালয়ে আগরতলা পুর নিগমের বিজেপি মনোনীত প্রার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে তিনি প্রার্থীদের এই বার্তা দেন। একই সঙ্গে বিরোধী ইন্ডি জোটকে কটাক্ষ করে মুখ্যমন্ত্রী বলেন, ‘এখন আর ইন্ডি জোট নেই, ইন্ডি জোট হয়ে গেছে। ক্ষতবিক্ষত তারা।’
এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপি সভাপতি তথা বিধায়ক অভিষেক দেবরায়, প্রাক্তন প্রদেশ সভাপতি তথা রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য, আগরতলা পুর নিগমের মেয়র তথা রামনগরের বিধায়ক দীপক মজুমদার সহ অন্যান্য নেতৃবৃন্দ। অনুষ্ঠানে মনোনীত প্রার্থীদের সঙ্গে পরিচিত হন দলের শীর্ষ নেতৃত্ব। প্রার্থীরা নেতৃবৃন্দের আশীর্বাদ গ্রহণ করেন।
প্রার্থীদের উদ্দেশে মুখ্যমন্ত্রী বলেন, নির্বাচনে আরও বেশি ভোটে জয়লাভ করতে হবে। রাজ্য সরকার এবং আগরতলা পুর নিগমের সার্বিক উন্নয়নের বিষয়গুলি সাধারণ মানুষের কাছে তুলে ধরে প্রচারে ঝাঁপিয়ে পড়তে হবে। উন্নয়নমূলক কাজকর্মকে সামনে রেখেই মানুষের সমর্থন আদায়ের আহ্বান জানান তিনি।
বিরোধী ইন্ডি জোটের বর্তমান পরিস্থিতি নিয়ে মুখ্যমন্ত্রী বলেন, একসময় বিরোধীরা ‘ইন্ডি জোট’ নিয়ে জোর প্রচার করত। কিন্তু বর্তমানে সেই জোটের অস্তিত্ব নিয়েই প্রশ্ন উঠছে। তাঁর কথায়, জোটের নেতারা একেক সময় একেক রকম বক্তব্য রাখছেন। কোন দল কখন জোট ছেড়ে চলে যাবে, তা কেউ জানেন না। এই পরিস্থিতিতে বিরোধী জোটকে ‘ক্ষতবিক্ষত’ বলে কটাক্ষ করেন তিনি।
উল্লেখ্য, বৃহস্পতিবার আগরতলা পুর নিগমের আরও চারটি ওয়ার্ডে প্রার্থী ঘোষণা করেছে বিজেপি। এর ফলে প্রথম পর্যায়ে ৪৫ জন এবং দ্বিতীয় পর্যায়ে আরও চার জন প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে। এখনও দুটি আসনে প্রার্থী ঘোষণা বাকি রয়েছে। ওই আসন দুটি সহযোগী দলের জন্য ছেড়ে দেওয়া হবে কি না, তা এখনও স্পষ্ট নয়। আগামীকাল শুক্রবার দুপুর ১২টায় বিজেপির মনোনীত প্রার্থীরা মিছিল করে একযোগে মনোনয়নপত্র জমা দেবেন বলে জানা গেছে।
