রক্তদানে কুসংস্কার ভেঙে এগিয়ে আসছেন নারী-পুরুষ : বিজেপি সভাপতি

আগরতলা, ২৩ জুলাই : বর্তমান সমাজে রক্তদান নিয়ে প্রচলিত নানা কুসংস্কার দূরে সরিয়ে স্বেচ্ছায় রক্তদানে নারী-পুরুষের ক্রমবর্ধমান অংশগ্রহণ অত্যন্ত ইতিবাচক দৃষ্টান্ত।  এই প্রবণতা সমাজের জন্য শুভ লক্ষণ বলে মন্তব্য করেছেন প্রদেশ বিজেপি সভাপতি তথা বিধায়ক অভিষেক দেবরায়।

বৃহস্পতিবার ভারতীয় মজদুর সংঘের (বিএমএস)  প্রতিষ্ঠা দিবস উপলক্ষ্যে ওএনজিসি এমপ্লয়িজ ইউনিয়ন অফ ত্রিপুরার উদ্যোগে আয়োজিত মেগা স্বেচ্ছা রক্তদান শিবিরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি এ কথা বলেন।

ভারতীয় মজদুর সংঘের প্রতিষ্ঠা দিবস উপলক্ষ্যে দেশের বিভিন্ন প্রান্তে প্রতিবছরের মতো এবারও নানা সামাজিক কর্মসূচির আয়োজন করা হয়।  তারই অংশ হিসেবে আগরতলায় অনুষ্ঠিত এই রক্তদান শিবিরে শ্রমিক-কর্মচারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ত্রিপুরা বিধানসভার অধ্যক্ষ রামপদ জমাতিয়া, আগরতলা পুর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার, ভারতীয় মজদুর সংঘের রাজ্য সভাপতি ও সাধারণ সম্পাদক, ওএনজিসি ত্রিপুরা অ্যাসেটের অ্যাসেট ম্যানেজারসহ সংগঠনের অন্যান্য পদাধিকারী এবং বিশিষ্ট ব্যক্তিরা।

অনুষ্ঠানের সূচনায় অতিথিরা ভারত মাতার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ ও প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন।  পরে তাঁরা রক্তদাতাদের সঙ্গে কথা বলেন, তাঁদের উৎসাহিত করেন এবং সমাজকল্যাণমূলক এই উদ্যোগের প্রশংসা করেন।

অভিষেক দেবরায় বলেন, ভারতীয় মজদুর সংঘ শুধুমাত্র শ্রমিকদের অধিকার আদায়ের আন্দোলনেই সীমাবদ্ধ নয়, বরং দীর্ঘদিন ধরেই সমাজসেবামূলক নানা কর্মকাণ্ড পরিচালনা করে আসছে।  রক্তদান শিবিরের মতো মানবিক উদ্যোগ সংগঠনের ঐতিহ্যেরই অংশ।  তিনি বলেন, “আগেও এ ধরনের কর্মসূচি হয়েছে, এখনও হচ্ছে এবং ভবিষ্যতেও চলবে। এই ধরনের উদ্যোগ সমাজে ইতিবাচক বার্তা পৌঁছে দেয়।”

তিনি আরও পরামর্শ দেন, ভারতীয় মজদুর সংঘের কর্মী-সমর্থকদের রক্তদানের একটি বার্ষিক ক্যালেন্ডার তৈরি করা হলে প্রয়োজনের সময় নিয়মিতভাবে রক্ত সংগ্রহ করা সহজ হবে এবং আরও বেশি মানুষের জীবন রক্ষা করা সম্ভব হবে।

রক্তদান সম্পর্কে সচেতনতা বৃদ্ধি পাওয়ায় বর্তমানে নারী-পুরুষ নির্বিশেষে মানুষ কুসংস্কার দূরে সরিয়ে স্বেচ্ছায় রক্তদান করছেন বলেও উল্লেখ করেন তিনি।  তাঁর মতে, সমাজে এই মানসিক পরিবর্তন অত্যন্ত আশাব্যঞ্জক এবং মানবিক মূল্যবোধের বিকাশের পরিচায়ক।

এদিনের মেগা রক্তদান শিবিরে ভারতীয় মজদুর সংঘের প্রায় ৫০ জন সমর্থক স্বেচ্ছায় রক্তদান করেন।  শিবিরজুড়ে শ্রমিক ও কর্মীদের মধ্যে উৎসাহ, উদ্দীপনা এবং মানবসেবার মানসিকতা স্পষ্টভাবে পরিলক্ষিত হয়।  আয়োজকদের আশা, ভবিষ্যতেও এ ধরনের সামাজিক কর্মসূচির মাধ্যমে আরও বেশি মানুষকে স্বেচ্ছায় রক্তদানে উদ্বুদ্ধ করা সম্ভব হবে।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *