মনশ্রীর চিকিৎসায় সাহায্যের হাত বাড়ালেন বিরোধী দলনেতা জীতেন্দ্র চৌধুরী

আগরতলা, ৭ জুলাই : স্পাইনাল মাসকুলার অ্যাট্রোফি (এসএমএ) নামক বিরল ও জটিল জেনেটিক রোগে আক্রান্ত ২২ মাস বয়সী শিশু মনশ্রী চৌধুরীর চিকিৎসার জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিলেন বিরোধী দলনেতা জীতেন্দ্র চৌধুরী। সোমবার তিনি সিপিআই(এম)-এর নেতৃবৃন্দকে সঙ্গে নিয়ে মনশ্রীর বাড়িতে গিয়ে তার শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং চিকিৎসার জন্য আর্থিক সহায়তা প্রদান করেন।

বিরোধী দলনেতার সঙ্গে উপস্থিত ছিলেন সিপিআই(এম) পশ্চিম জেলা কমিটির সম্পাদক রতন দাস, ডুকলি বিভাগীয় কমিটির সম্পাদক সমর চক্রবর্তী, ডিওয়াইএফআই-এর সম্পাদক নবারুণ দেবসহ দলের অন্যান্য নেতৃবৃন্দ। তাঁরা মনশ্রীর পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং এই কঠিন সময়ে পাশে থাকার আশ্বাস দেন।

এদিন জীতেন্দ্র চৌধুরী বলেন, ছোট্ট মনশ্রীর চিকিৎসার জন্য রাজ্যের সর্বস্তরের মানুষ আন্তরিকভাবে এগিয়ে এসেছেন। সাধারণ মানুষের এই মানবিক উদ্যোগ অত্যন্ত আশাব্যঞ্জক। তিনি বিশ্বাস প্রকাশ করে বলেন, সকলের সম্মিলিত সহযোগিতায় মনশ্রীর চিকিৎসা ব্যবস্থায় কোনও ধরনের অসুবিধা হবে না এবং তার প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিত করা সম্ভব হবে।

তিনি আরও বলেন, একটি শিশুর জীবন বাঁচানোর লড়াইয়ে রাজনৈতিক পরিচয়ের ঊর্ধ্বে উঠে সবাইকে একসঙ্গে এগিয়ে আসতে হবে। ইতিমধ্যেই সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ যেভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন, তা মানবিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত। তিনি মনশ্রীর দ্রুত আরোগ্য কামনা করেন এবং এই সহযোগিতার ধারা অব্যাহত রাখার জন্য রাজ্যবাসীর প্রতি আহ্বান জানান।

উল্লেখ্য, স্পাইনাল মাসকুলার অ্যাট্রোফি (এসএমএ) একটি বিরল জেনেটিক রোগ, যার চিকিৎসা অত্যন্ত ব্যয়বহুল। মনশ্রীর জীবন রক্ষায় বিপুল অর্থের প্রয়োজন হওয়ায় তার পরিবারের পক্ষ থেকে সাহায্যের আবেদন জানানো হয়েছে। সেই আবেদনে সাড়া দিয়ে প্রতিদিনই বিভিন্ন ব্যক্তি, সংগঠন ও প্রতিষ্ঠানের পক্ষ থেকে সহযোগিতা আসছে। বিরোধী দলনেতা জীতেন্দ্র চৌধুরীর এই মানবিক উদ্যোগও সেই সহায়তার ধারায় নতুন সংযোজন হিসেবে বিবেচিত হচ্ছে।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *