শিক্ষাপ্রতিষ্ঠানে ‘জন-গণ-মন’-এর আগে গাওয়া হবে ‘বন্দে মাতরম’, মন্ত্রিসভার সিদ্ধান্তে জারি নির্দেশিকা

আগরতলা, ৭ জুলাই  : ত্রিপুরায় সমস্ত সরকারি, সরকার অনদানপ্রাপ্ত ও বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে দৈনন্দিন প্রার্থনা সভায় জাতীয় সংগীত ‘জন-গণ-মন’-এর আগে ‘বন্দে মাতরম’ গাওয়া বাধ্যতামূলক করা হয়েছে। রাজ্য মন্ত্রিসভার সাম্প্রতিক সিদ্ধান্তের ভিত্তিতে এ সংক্রান্ত একটি সরকারি নির্দেশিকা জারি করেছেন রাজ্য সরকারের অতিরিক্ত সচিব রাজীব দত্ত।

সরকারি নির্দেশিকায় জানানো হয়েছে, ভারত সরকারের স্বরাষ্ট্র মন্ত্রক সম্প্রতি এ বিষয়ে একটি নির্দেশিকা জারি করে। সেই নির্দেশিকার পরিপ্রেক্ষিতে রাজ্য মন্ত্রিসভার বৈঠকে বিষয়টি নিয়ে আলোচনা হয় এবং সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গ্রহণ করা হয় যে, রাজ্যের সব শিক্ষাপ্রতিষ্ঠানে প্রার্থনা সভা শুরু হবে ‘বন্দে মাতরম’-এর পূর্ণাঙ্গ সংস্করণ সম্মিলিতভাবে গাওয়ার মাধ্যমে। এরপর যথারীতি পরিবেশিত হবে জাতীয় সংগীত ‘জন-গণ-মন’।

নির্দেশিকায় আরও উল্লেখ করা হয়েছে, শিক্ষাপ্রতিষ্ঠানে যখনই জাতীয় সংগীত গাওয়া বা বাজানো হবে, তখন সকল ছাত্র-ছাত্রী, শিক্ষক, শিক্ষিকা এবং শিক্ষা প্রতিষ্ঠানের প্রশাসনিক কর্মীদের গভীর শ্রদ্ধা ও শিষ্টাচার বজায় রেখে সোজা হয়ে দাঁড়াতে হবে। জাতীয় মর্যাদা রক্ষা এবং দেশপ্রেমের মূল্যবোধ শিক্ষার্থীদের মধ্যে আরও সুদৃঢ় করার লক্ষ্যেই এই সিদ্ধান্ত কার্যকর করা হচ্ছে বলে নির্দেশিকায় উল্লেখ করা হয়েছে।

রাজ্য সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী সংশ্লিষ্ট সব শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের এই নির্দেশিকা যথাযথভাবে কার্যকর করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে। বিদ্যালয়গুলিতে নিয়মিত প্রার্থনা সভার অংশ হিসেবেই এই নতুন ব্যবস্থা চালু হবে।

শিক্ষা মহলে এই সিদ্ধান্তকে কেন্দ্র করে ইতিমধ্যেই আলোচনা শুরু হয়েছে। সরকারের মতে, জাতীয় ঐতিহ্য, সাংবিধানিক মূল্যবোধ এবং দেশাত্মবোধ জাগ্রত করার ক্ষেত্রে এই উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। অন্যদিকে, শিক্ষা প্রতিষ্ঠানগুলিকে নির্দেশিকার প্রতিটি বিষয় যথাযথভাবে অনুসরণ করারও নির্দেশ দেওয়া হয়েছে।

রাজ্য সরকারের অতিরিক্ত সচিব রাজীব দত্ত স্পষ্ট করেছেন যে, এই বিজ্ঞপ্তি রাজ্য মন্ত্রিসভার সিদ্ধান্তের ভিত্তিতেই জারি করা হয়েছে এবং তা অবিলম্বে কার্যকর হবে।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *