পানীয় জলের দাবিতে বক্সনগরে মহিলাদের পথ অবরোধ

বক্সনগর, ১ জুলাই : এক সপ্তাহ ধরে পানীয় জল সরবরাহ বন্ধ থাকায় ক্ষোভের বহিঃপ্রকাশ করলেন সিপাহীজলা জেলার দক্ষিণ মহেশপুর এলাকার বাসিন্দারা। অবিলম্বে পানীয় জলের সমস্যা সমাধানের দাবিতে বুধবার কলসি ও বালতি হাতে রাস্তায় নেমে বিক্ষোভ ও পথ অবরোধ করেন এলাকার মহিলারা। কাঁঠালিয়া ব্লকের অন্তর্গত দক্ষিণ মহেশপুর বাইপাস সড়কে সকাল সাড়ে আটটা থেকে শুরু হওয়া এই অবরোধের জেরে সোনামুড়া-বিলোনিয়া সড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয় এবং সাধারণ মানুষকে চরম দুর্ভোগের মুখে পড়তে হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, দক্ষিণ মহেশপুর পঞ্চায়েত এলাকার একটি বিস্তীর্ণ অংশে পানীয় জলের মূল পাইপলাইন প্রায় এক সপ্তাহ আগে ফেটে যায়। সেই থেকেই পুরো এলাকায় সরকারি জল সরবরাহ সম্পূর্ণ বন্ধ রয়েছে। প্রচণ্ড গরমের মধ্যে পানীয় জলের তীব্র সংকটে পড়ে নিত্যদিনের জীবনযাত্রা বিপর্যস্ত হয়ে পড়েছে। রান্না, পানীয় জল সংগ্রহ থেকে শুরু করে দৈনন্দিন গৃহস্থালির কাজকর্ম চালাতে চরম সমস্যার সম্মুখীন হচ্ছেন বাসিন্দারা।

অভিযোগ, বারবার সংশ্লিষ্ট দফতর ও প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করা হলেও পাইপলাইন মেরামত কিংবা বিকল্প জল সরবরাহের কোনও কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। প্রশাসনের এই উদাসীনতার প্রতিবাদেই শেষ পর্যন্ত আন্দোলনের পথ বেছে নেন এলাকার মহিলারা।

বুধবার সকাল সাড়ে আটটা নাগাদ শতাধিক মহিলা কলসি ও বালতি নিয়ে দক্ষিণ মহেশপুর বাইপাস সড়কে আসেন। তাঁরা সড়কের ওপর কলসি রেখে অবস্থান বিক্ষোভ শুরু করেন এবং যান চলাচল সম্পূর্ণ বন্ধ করে দেন। ফলে সোনামুড়া থেকে বিলোনিয়াগামী এবং বিলোনিয়া থেকে সোনামুড়াগামী অসংখ্য যাত্রীবাহী বাস, ছোট গাড়ি, অটোরিকশা, পণ্যবাহী ট্রাক ও অন্যান্য যানবাহন রাস্তার দুই পাশে আটকে পড়ে। অল্প সময়ের মধ্যেই ব্যস্ততম সড়কটিতে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। যানজটে আটকে পড়া যাত্রী ও চালকদেরও ব্যাপক ভোগান্তির শিকার হতে হয়।

অবরোধকারীদের বক্তব্য, পানীয় জল মানুষের মৌলিক প্রয়োজন। দীর্ঘদিন ধরে জল না থাকায় তাঁদের জীবন কার্যত অচল হয়ে পড়েছে। বহু দূর থেকে জল সংগ্রহ করে আনতে হচ্ছে, যা বিশেষ করে মহিলা, শিশু ও প্রবীণদের জন্য অত্যন্ত কষ্টসাধ্য হয়ে উঠেছে। অবিলম্বে পাইপলাইন মেরামত করে নিয়মিত জল সরবরাহ শুরু না হলে আন্দোলন আরও জোরদার করা হবে বলেও তাঁরা হুঁশিয়ারি দেন। পরে প্রশাসনের আধিকারিকরা ঘটনাস্থলে গিয়ে আশ্বাস দিলে অবরোধ আন্দোলন প্রত্যাহার করা হয়।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *